২০১৬: গড়ে উঠবে ওয়েবভিত্তিক অর্থনীতি
২০১৬ সালের মধ্যে জি-২০-ভুক্ত দেশগুলোতে ওয়েবভিত্তিক অর্থনীতি গড়ে উঠবে। যুক্তরাষ্ট্রের একটি পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসালটিং গ্রুপ এক গবেষণায় এ কথা বলেছে। সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে যৌথভাবে পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, আগামী চার বছরে ৩০০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করবে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ। এ মুহূর্তে প্রতিবছর প্রায় ২০ কোটি নতুন মানুষ ইন্টারনেট ব্যবহারের দিকে ঝুঁকছে। এ ছাড়া স্মার্টফোনগুলোর দাম দিনে দিনে কমছে। গবেষণায় বলা হয়, এভাবে কমতে থাকলে ২০১৬ সাল নাগাদ প্রায় ৮০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করবে। স্মার্টফোনই হবে তাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। এ গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট গবেষকেরা বলেন, আগামী চার বছরের মধ্যে ইন্টারনেট ব্যবহারের দিক থেকে যে দেশটি সবচেয়ে এগিয়ে থাকবে, সেটি হচ্ছে চীন। ৮০ কোটি মানুষ সেখানে ইন্টারনেট ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। ৮০ শতাংশ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করবে। প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম বলেছে, তাদের ধারণা, ২০১৫ সালের মধ্যে বিভিন্ন রকমের এক ট্রিলিয়ন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করা যাবে। বিশ্ব তখন এসে যাবে হাতের মুঠোয়। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান