২০১৭ অ্যাপিকটা পুরস্কার আয়োজন বাংলাদেশে
২০১৭ সালে বাংলাদেশে ‘অ্যাপিকটা পুরস্কার’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এশিয়া-প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স—অ্যাপিকটার সদস্য হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই অনুষ্ঠানের আয়োজন করবে।
তাইওয়ানের রাজধানী তাইপেতে ২ থেকে ৫ ডিসেম্বর চলতি বছরের অ্যাপিকটা পুরস্কারের আসর বসে। সেখানে অনুষ্ঠিত অ্যাপিকটা নির্বাহী কমিটির সভায় এর সদস্যভুক্ত দেশের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তে ২০১৭ সালের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করা হয়। বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার ২০১৭ সালের প্রতিযোগিতার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন।
অ্যাপিকটা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বৃহত্তম সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭। এই অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতিবছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডের আয়োজন করে থাকে সংগঠনটি।
বিজ্ঞপ্তি