২০১৭-এ ফেসবুকে আলোচিত শীর্ষ বিষয়
বছর শেষ হতে আর কদিন বাকি। সময় এখন পেছনে ফিরে তাকানোর। বছরজুড়ে কী হলো, কেমন গেল ২০১৭—এসব হিসাব-নিকাশ মেলানোর। শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলো জেনে নেওয়া যাক—

আন্তর্জাতিক নারী দিবস
চলতি বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নারী ইস্যু বেশ আলোচনায় এসেছে। যেমন যৌন নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আন্দোলন হ্যাশট্যাগ মি টু (#MeToo)। নীরবতা ভেঙে যেসব নারী এটিকে বৈশ্বিক আন্দোলনে পরিণত করেছেন, তাঁদের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে টাইম সাময়িকী। কিন্তু ফেসবুকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল আন্তর্জাতিক নারী দিবস। ৮ মার্চের এই দিবস নিয়ে ফেসবুকে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

সুপার বোল
এটি আমেরিকার সর্বোচ্চ খেলা। ফেব্রুয়ারি মাসের প্রথম রোববার এই খেলা হয়ে থাকে। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সুপার বোল-সংক্রান্ত ভিডিও ২৬ কোটি ২০ লাখের চেয়ে বেশি দেখা হয়েছে এই প্ল্যাটফর্মে।

লাস ভেগাস হামলা
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের উন্মুক্ত রাস্তায় চলা কনসার্টে এই হামলা চালানো হয়। অক্টোবরের শুরুর দিকের ঘটনা এটি। স্টিফেন পোডাক নামের এক বন্দুকধারী পাশের হোটেল থেকে এ হামলা চালায়। ৫৮ জনের অধিক ব্যক্তি নিহত হন এ ঘটনায়।

মেক্সিকোর ভূমিকম্প
সেপ্টেম্বর মাসে দুবার ভূকম্পনের ঘটনা ঘটে মেক্সিকোতে। একটি ৮, আরেকটি ১৯ সেপ্টেম্বরে। এর মধ্যে ১৯ সেপ্টেম্বরের ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। এতে দুই শর অধিক লোক নিহত হয়।

ওয়ান লাভ ম্যানচেস্টার
যুক্তরাষ্ট্রের ওল্ড ট্রাফোডেতে ওয়ান লাভ ম্যানচেস্টার নামের একটি কনসার্ট অনুষ্ঠিত হয় গত ৪ জুন। আরিয়ানা গ্রান্ডে ও অন্য পপস্টাররা এতে পারফর্ম করেন। এই কনসার্ট ফেসবুকে সরাসরি সম্প্রাচারিত হয়। ২০১৭ সালে ফেসবুকে সবচেয়ে বেশি দেখা ভিডিও এটি।
সূত্র: সিএনএন