২০১৭ সালে ফেসবুক ব্যবহারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালের মধ্যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ভারত। যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের সমীক্ষায় উঠে এসেছে এ নতুন তথ্য। গত বছরই অবশ্য ভারতে মোবাইল ফোন থেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়ন বা ১০ কোটি ছাড়িয়ে গেছে।
বর্তমানে ভারতে ১০ কোটি ১৫ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করে। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ১২ কোটি ৩১ লাখ। আর ২০১৭ সালের মধ্যে ভারতে এ সংখ্যা বেড়ে হবে ১৪ কোটি ৫৯ লাখ। সে সময় যুক্তরাষ্ট্রে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৩ কোটি ৪৮ লাখে। সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারা পৃথিবীতে ১০০ কোটি মানুষ প্রতি মাসে অন্তত একবার ফোনে সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে। ভারতে এ সংখ্যা অন্তত ৯ কোটি ৯০ লাখ। ভারতে স্মার্টফোনের বাজার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা।
—অমর সাহা, কলকাতা থেকে