২০১৯ সালের মধ্যে ৫০ কোটি পরিধেয় যন্ত্র ব্যবহার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিধেয় যন্ত্রের মধ্যে স্মার্টঘড়ি বেশি জনপ্রিয়তা পেয়েছে
পরিধেয় যন্ত্রের মধ্যে স্মার্টঘড়ি বেশি জনপ্রিয়তা পেয়েছে

বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে পরিধেয় যন্ত্রপাতি। এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশ্বসেরা প্রায় সব প্রযুক্তি প্রতিষ্ঠানই তৈরি করছে নানা ধরনের পরিধেয় যন্ত্র। আশা করা হচ্ছে, ২০১৯ সালের মধ্যে বিশ্বে প্রায় ৫০ কোটি পরিধেয় যন্ত্র ব্যবহার করা হবে। বিশেষ করে স্মার্টঘড়ি এবং ফিটনেস ট্র্যাকার্সের চাহিদা বেশি হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকোর গবেষণা তথ্য অনুযায়ী, গত বছর পর্যন্ত যুক্তরাজ্যে পরিধেয় যন্ত্র ব্যবহৃত হয়েছে প্রায় ২৮ লাখ। এ সংখ্যাটি ২০১৯ সালের মধ্যে বেড়ে দাঁড়াবে ১ কোটি ৬৪ লাখে। এসব যন্ত্রের মাধ্যমে সবচেয়ে বেশি তথ্য বা ডেটা খরচ হবে মোবাইল ফোনে। গত বছর প্রতি সেকেন্ডে সারা বিশ্বে ২০ কোটি ৫ লাখ এসএমএস আদান-প্রদান হয়েছে। এর ফলে ডেটা খরচ হয়েছে প্রায় ৭৪.২ টেরাবাইট। ২০১৯ সালে ডেটা ব্যবহার হবে প্রায় ৬৩৪.৪ টেরাবাইট। শুধু ইন্সটাগ্রামেই যা ছবি শেয়ার হয়েছে তাতেই গত বছর প্রায় ৩০ হেক্সাবাইট ডেটা খরচ হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে চালু থাকা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের ফলে বেড়েছে মোবাইলে ডেটা ব্যবহারের হার। গত বছর পর্যন্ত এ হার ছিল ৪২.২ শতাংশ। ধারণা করা হচ্ছে, ২০১৯ সালে এ হার হবে ৮৮.২ শতাংশ। এসবের পাশাপাশি বাড়বে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যাও। সংখ্যাটি গত বছরই ৪৩০ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫২০ কোটিতে। গত বছরের তথ্য অনুযায়ী, সারা বিশ্বের মোট জনসংখ্যার ৫৯ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করছে, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়াবে ৬৯ শতাংশে। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম