২০২১ সালে ঢাকায় তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালে ঢাকায় বসবে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি)’-এর ২৫তম আয়োজন। এই সম্মেলনের আয়োজন তো বটেই, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগকেও সহযোগিতা করবে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)। গতকাল শনিবার রাজধানীর আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগ ও উইটসার মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি হয়েছে। উইটসার প্রেসিডেন্ট ইভান চ্যু এবং আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুন-অর-রশিদ চুক্তিপত্রে সই করেন। চুক্তি অনুযায়ী বিভিন্ন আয়োজনের পাশাপাশি বাংলাদেশের সাইবার নিরাপত্তার উন্নয়ন ও ই-কমার্স প্রসারে উইটসা ও আইসিটি বিভাগ একসঙ্গে কাজ করবে। বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি শিল্প খাতের সংগঠনগুলোর সংস্থা উইটসা এশিয়ার দেশগুলোতে তথ্যপ্রযুক্তির উন্নয়নে বর্তমানে নানা উদ্যোগ নিয়েছে।

চুক্তি সইয়ের আগে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন কর্মসূচি নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘ডব্লিউসিআইটি ২০২১ ঢাকা সফল করতে উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সঙ্গে আমরা যৌথভাবে কাজ করব।’

ইভান চ্যু বলেন, তরুণদের মাধ্যমে তথ্যপ্রযুক্তি উন্নয়নে বাংলাদেশে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রশংসনীয়। বাংলাদেশের কাছ থেকেই শিখতে হবে কীভাবে তথ্যপ্রযুক্তিতে দ্রুত এগিয়ে যাওয়া যায়।

আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অ্যাসোসিওর বিদায়ী সভাপতি বুনরাক সারাগানান্দা, নবনির্বাচিত চেয়ারম্যান ডেভিড ওয়ান, সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, নবনির্বাচিত সহসভাপতি আলী আশফাক, উইটসার পরিচালক মো. সবুর খান, বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, বিসিএসের মহাসচিব সুব্রত সরকার ও পরিচালক শাহিদ-উল-মুনীর সভায় উপস্থিত ছিলেন।