সারা দেশের মতো গত বছরের ১১ নভেম্বর বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) উদ্বোধন করা হয়। কিন্তু এখন পর্যন্ত ২১টির মধ্যে ২০টি ইউনিয়নেই ইউআইএসসির কার্যক্রম শুরু হয়নি। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তিন দিনে তিন উপজেলার ইউনিয়ন পরিষদগুলো ঘুরে তথ্যকেন্দ্র বন্ধ দেখা গেছে। শুধু গৌরনদীর বাটাজোর ইউনিয়নে তথ্যকেন্দ্র চালু হয়েছে এবং এখান থেকে জনগণ সেবা পাচ্ছে। ইউনিয়ন পরিষদের একটি কক্ষে ইউআইএসসির কার্যক্রম শুরু করার কথা। এ কেন্দ্র থেকে জনগণকে দেওয়া হবে ইন্টারনেট, অল্প খরচে কম্পোজ, প্রিন্ট, ছবি তোলা ও স্ক্যান করার সুবিধা।প্রতিটি কেন্দ্রে একজন করে পুরুষ ও নারী অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে বরিশালে ১০ দিনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। উদ্বোধনের আগেই উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগ থেকে সরবরাহ করা হয়েছে কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেট মডেম। এই তিন উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জানান, প্রতিটি ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দুজন নারী ও পুরুষকে অপারেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা মানুষকে তথ্যসেবা প্রদান করে ওই আয় দিয়ে স্বাবলম্বী হবেন। গত বুধবার গৌরনদী উপজেলার শরীকল ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউআইএসসি বন্ধ। ইউপি সচিব মো. রফিকুল ইসলাম বলেন, ‘এখন আমার কাছে চাবি নেই।’ এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানায়, এ ইউনিয়নে কোনো তথ্য ও সেবাকেন্দ্র চালু হয়নি। শরীকল ইউআইএসসির পরিচালক মো. রফিকুল ইসলাম ও নীরু খানম বলেন, ‘নামমাত্র নিয়োগ পেয়েছি কিন্তু কোনো কাজ পাইনি।’ চাঁদশী ইউনিয়ন পরিষদের চিত্রও এক।চেয়ারম্যান মো. তাইফুর রহমান বলেন, নিজস্ব ভবন না থাকায় দূরবর্তী স্থানে এটা চালু করা হয়েছে। কিন্তু ইউনিয়নের কোথাও কোনো তথ্যসেবাকেন্দ্র নেই বলে জানান স্থানীয় বাসিন্দারা। উজিরপুর উপজেলায় আছে নয়টি ইউনিয়ন। জল্লা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, কোনো তথ্য ও সেবাকেন্দ্র নেই।চেয়ারম্যান ঊর্মিলা বাড়ৈ জানান, ভবনের অভাবে ইউআইএসসি চালু করা হয়নি।তবে দুজন অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে আগৈলঝাড়া উপজেলায় পাঁচটি ইউনিয়নের কোথাও ইউআইএসসি চালু হয়নি। তিন উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান জানান, তথ্য ও সেবাকেন্দ্র চালু করতে হলে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে হবে। অপারেটরদের চাকরি সরকারি করতে হবে। নিয়োগপ্রাপ্ত অপারেটররা শেষ পর্যন্ত চাকরি করেন কি না, সন্দেহ আছে। কারণ, এই কাজ করে পরিবার-পরিজন নিয়ে চলা যাবে না। গৌরনদীর ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যানদের মেয়াদ বহু আগেই শেষ হয়েছে, যে কারণে তাঁরা কেন্দ্র নিয়ে অতটা উৎ সাহী নন। উজিরপুরের ইউএনও প্রিয় সিন্ধু তালুকদার বলেন, ‘আমার জানামতে কিছু জায়গায় ভালোই চলছে। ইন্টারনেট সংযোগ সমস্যার কারণে কিছু জায়গায় বন্ধ থাকতে পারে। আগৈলঝাড়ার ইউএনও দীপঙ্কর বিশ্বাস বলেন, মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে এ কাজে চেয়ারম্যানরা অনেকটাই নিরুৎ সাহী। —জহুরুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি