২২ ডিসেম্বর থেকে চট্টগ্রামে তথ্যপ্রযুক্তি মেলা
চট্টগ্রামে ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘পোর্টসিটি আইটি ফেয়ার ২০১০’। বন্দরনগরীর উডল্যান্ড পার্কে চতুর্থবারের মতো এই মেলার আয়োজন করেছে ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড। গত বৃহস্পতিবার মেলার আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের বিস্তারিত জানানো হয়।সংবাদ সম্মেলনে ইনপেইস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান বলেন, ‘বন্দরনগর চট্টগ্রাম দেশকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। মেলার মাধ্যমে সর্বশেষ প্রযুক্তিপণ্যটি আমরা প্রদর্শন করতে চাই।সর্বাধুনিক প্রযুক্তি গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই মেলার উদ্দেশ্য। দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিভিত্তিক কুইজ প্রতিযোগিতা, উপহার ও পণ্য ক্রয় করলে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেলা প্রাঙ্গণে থাকবে তারবিহীন ইন্টারনেট ব্যবহার সুবিধা। এ ছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে গেমিং জোন ও ইন্টারনেট ব্রাউজিং জোন। মেলা প্রতিদিন খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। —তারিকুর রহমান খান