২২ ফেব্রুয়ারি থেকে সফটওয়্যার মেলা শুরু
দেশি-বিদেশি ১৮০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বেসিস সফটএক্সপো ২০১২। ‘এমপাওয়ারিং নেক্সট জেনারেশন’— এই স্লোগান নিয়ে এবারের মেলায় বিজনেস সফটওয়্যার, আউটসোর্সিং, মোবাইল অ্যাপ্লিকেশন, ক্লাউড কম্পিউটিং অ্যান্ড কমিউনিকেশন, তথ্যপ্রযুক্তিসেবা, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও ই-কমার্সের জন্য সাতটি আলাদা এলাকা থাকবে। মেলার বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আয়োজকেরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) এই আয়োজনে সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) কর্মসূচি। গতকাল শনিবার ঢাকায় বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক তামজিদ সিদ্দিক জানান, পাঁচ দিনের এই আয়োজনে থাকছে ৮০টির বেশি সেমিনার, কারিগরি অধিবেশন, উন্মুক্ত অধিবেশন, বিজনেস ম্যাচমেকিং প্রেজেন্টেশন, অ্যাওয়ার্ড নাইটসহ নানা আয়োজন।এ ছাড়া তরুণদের নিয়ে উদ্ভাবনীমূলক প্রতিযোগিতা ‘আবিষ্কারের খোঁজে’র চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হবে সফটএক্সপোতে। প্রোগ্রামারদের নিয়ে আছে প্রতিযোগিতা ‘কোড ওয়ারিয়রস চ্যালেঞ্জ’। সম্মেলনে বেসিসের সভাপতি মাহবুব জামান জানান, ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির আউটসোর্সিং গত বছরের চেয়ে এবার দ্বিগুণ হয়েছে। আর তাই আমরা এ দিকটি গুরুত্বের সঙ্গে দেখছি। খুব শিগগির আউটসোর্সিং বিষয়ে একটা বড় আকারের সম্মেলন করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ ‘ভাষার মাসে বাংলা ব্লগ একটি মিলনমেলা’ নামে মেলায় ব্লগার এবং ফ্রিল্যান্সারদের জন্য থাকবে দুটি আলাদা সম্মেলন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সফটএক্সপো ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। তরুণদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে চাকরির সুযোগ করে দিতে মেলায় থাকছে চাকরির মেলা। জীবনবৃত্তান্ত জমা দেওয়া তো বটেই, সাক্ষাত্কারের ব্যবস্থাও থাকবে মেলায়। গত বছরের মতো এবারও মেলায় ‘বেসিস ফ্রিল্যান্সার অব দ্য ইয়ার’ শিরোনামে ব্যক্তিগত, দলীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পুরস্কার দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব ফোরকান বিন কাসেম, মেলার পৃষ্ঠপোষক ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সানিয়া বশির কবির, ব্র্যাক ব্যাংকের প্রধান কারিগরি কর্মকর্তা নাভেদ ইকবাল, জিপি আইটির প্রধান আর্থিক কর্মকর্তা কৃষ্টি থেরন, হুয়াওয়ের বিপণন পরিচালক জেরিসহ আরও অনেকে। —ইমাম হাসান