২২ ফেব্রুয়ারি বেসিসের সফটওয়্যার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশমবারের মতো ঢাকায় হতে যাচ্ছে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সবচেয়ে বড় মেলা ‘বেসিস সফটএক্সপো-২০১২’। আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা হবে। গতকাল মঙ্গলবার ঢাকায় মেলার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন তথ্য জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, মেলার আহ্বায়ক তামজিদ সিদ্দিক, মেলার প্লাটিনাম পৃষ্ঠপোষক জিপি আইটির বিপণন ও যোগাযোগ পরামর্শক বিরগিট হোল্সকগ। ফাহিম মাশরুর বলেন এবারের মেলায় দেশের দেড় শতাধিক প্রতিষ্ঠানসহ এবং ইউরোপের তিনটি দেশ—নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং যুক্তরাজ্যের ৩০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেবে। আয়োজন সম্পর্কে তামজিদ সিদ্দিক জানান ‘অন্যবারের মতো এবারের মেলা ভাগ করা হয়েছে ছয়টি অঞ্চলে। এ ছয়টি অঞ্চলে থাকবে ব্যবসায় সফটওয়্যার জোন, তথ্যপ্রযুক্তি সেবা, তথ্যপ্রযুক্তি শিক্ষা, যোগাযোগ ও ক্লাউড কম্পিউটিং, মোবাইল ফোনের সফটওয়্যার এবং আউটসোর্সিং।’মেলায় এবারও থাকবে তথ্যপ্রযুক্তির চাকরি মেলা। মেলাকে কেন্দ্র করে এখন থেকে বেসিস শুরু করেছে প্রোগ্রাম তৈরি, তথ্যপ্রযুক্তি উদ্ভাবন ও ফ্রিল্যান্সার প্রতিযোগিতা। পরবর্তী প্রজন্মের জন্য ক্ষমতায়ন—এই পাঁচ দিন ধরে চলবে এ মেলা। মেলায় থাকছে ১২টি সেমিনার, ১২টি কারিগরি অধিবেশন এবং ৩০টি মুক্ত আলোচনা। মেলার বিস্তারিত জানা যাবে www.softexpo.com.bd ঠিকানার ওয়েবসাইটে। —রাকিব মোজাহিদ