২২ বছর পর বদলাচ্ছে উইন্ডোজের লোগো!
মাইক্রোসফট সম্প্রতি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে। নতুন এ অপারেটিং সিস্টেমের সঙ্গে মাইক্রোসফট দীর্ঘদিনের ব্যবহূত উইন্ডোজ লোগোটিতেও পরিবর্তন আনছে। সম্প্রতি মাইক্রোসফট উইন্ডোজের এ লোগোটির ছবি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একাধিক রঙের পতাকা ওড়ার পরিচিত লোগোটির পরিবর্তন ঘটেছে। সেখানে এখন একরঙা, সোজাসাপ্টা চতুষ্কোণ একটি লোগো এসেছে। গাঢ় নীল রঙের এ লোগোটিতে তরঙ্গসদৃশ কোনো নকশাও নেই। আর নতুন লোগোটিতে কেবল একটি উইন্ডোই দেখা যাচ্ছে। মাইক্রোসফটের লোগোর এ ছবি ফাঁস করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিএনবেটা। সাম্প্রতিক এ ছবি যদি মাইক্রোসফটের নতুন লোগো হয়, সে ক্ষেত্রে দীর্ঘ ২২ বছর পর মাইক্রোসফটের একাধিক রঙের প্রচলিত লোগোটির পরিবর্তন ঘটবে। অবশ্য মাইক্রোসফট এই লোগো নিয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করেনি। এদিকে মাইক্রোসফটের নতুন এ লোগোটি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম-চালিত ট্যাবলেট ও উইন্ডোজ ফোনের মেট্রো ইন্টারফেসের সঙ্গে মানিয়ে যাবে বলে এক খবরে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনকোয়ারার। মেট্রো ইন্টারফেস হচ্ছে অনেকটাই উইন্ডোজ ৭-এ থাকা টাইলসভিত্তিক ইন্টারফেসের মতো। এ ইন্টারফেস ট্যাবলেটের জন্যও মানানসই। এ বছরের ২৯ ফেব্রুয়ারি উইন্ডোজ ৮ বাজারে আনতে পারে মাইক্রোসফট।