২৩ অক্টোবর আসছে আইপ্যাড মিনি ও ম্যাকবুক প্রো
অবশেষে আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটারের আইপ্যাড মিনি। একই সঙ্গে ম্যাকবুকের উন্নত সংস্করণযুক্ত ম্যাকবুক প্রোও বাজারে আসতে পারে বলে জানা গেছে। ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া থিয়েটারে আনুষ্ঠানিকভাবে পণ্যগুলোর উন্মোচন হবে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ সংস্থা। অনেক দিন ধরেই শুধু আইপ্যাড মিনি বাজারে আসছে বলে জানা গেলেও এর সঙ্গে ম্যাকবুক প্রো আসার ব্যাপারেও ঘোষণা দিতে পারে অ্যাপল। আইপ্যাড মিনির পাশাপাশি ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো আগের ম্যাকবুক প্রোর চেয়ে আরও উন্নত সুবিধাযুক্ত এবং বেশ হালকা হবে বলে ধারণা করা হচ্ছে। এর প্রসেসর আরও দ্রুততর হবে বলে জানা গেছে। চলতি বছর বাজারে আসা ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রোর ছোট সংস্করণ হিসেবে আসছে নতুন ম্যাকবুক প্রো। এ ছাড়া নতুন আইপ্যাড মিনির পর্দা হতে পারে ৭ দশমিক ৮৫ ইঞ্চি। আর কোডনেম হতে পারে ‘এয়ার’। —দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম