২৩ বছরের তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রায় যেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ঝরে পড়ছিল
বিশ্ববিদ্যালয় দিবসের শোভাযাত্রায় যেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস ঝরে পড়ছিল

একে একে ২২টি বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বয়স এখন ২৩। ‘তরুণ অরুণে হাসুক আকাশ’ এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছিল ২৫ নভেম্বরের দিন। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা খুলনা শহর প্রদক্ষিণ করে। শুরুতে ক্যাম্পাস থেকে সব শিক্ষার্থী ও শিক্ষক মিলিত হন খুলনার শিববাড়ি মোড়ে। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় দিবসের। বিশ্ববিদ্যালয় দিবসে যোগ দিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আতিকের কথায় যেন আবেগ ঝরে পড়ছিল, ‘বিশ্ববিদ্যালয় দিবসটি এমন এক আয়োজন, যা প্রত্যেক শিক্ষার্থী নিজের বিশ্ববিদ্যালয়কে হূদয় দিয়ে অনুভব করতে পারেন।’

বিকেলে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, আবৃত্তি, নৃত্য, নাটক, চলচ্চিত্র কী ছিল না সেই আয়োজনে। ভৈরবী, কৃষ্টি, সাধুসঙ্গ আর টেন্থ সিম্ফনির পরিবেশনায় ছিল রবীন্দ্র, নজরুল, আধুনিক, বাউলসংগীত ও ব্যান্ডসংগীতের আয়োজন। নাচের দল ‘রিদম ও স্পার্কে’র পরিবেশনায় ছিল নৃত্যানুষ্ঠান। আবৃত্তির ছন্দে ছন্দে দিয়েছিল একঝাঁক জেগে ওঠার কবিতা। নাট্যসংগঠন নৃ-নাট্য আর থিয়েটার নিপুণের যৌথ পরিবেশনায় অগ্নিপথের ইশতেহার সবার মনে অন্ধকার থেকে আলোর দিকে একটি রেখা এঁকে দিয়েছিল। আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সব দর্শককে দিয়েছিল ভিন্ন বিনোদনের স্বাদ। তাই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় দিবসে এসে স্বর্ণা বেশ উচ্ছ্বসিত, ‘বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার ব্যস্ততার মধ্যে এই আনন্দ আমার কাছে বাড়তি এক পাওয়া।’

আর সকাল থেকেই ‘বাঁধন’-এর উদ্যোগে ছিল বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে পুরো ক্যাম্পাস হয়ে উঠেছিল বর্ণময়।