২৪ এপ্রিল ঢাকায় এসএপি ফোরাম
ব্যবসায়িক প্রতিষ্ঠানের উন্নয়নে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে ২৪ এপ্রিল মঙ্গলবার এসএপি ফোরাম নামের একটি অনুষ্ঠানের আয়োজন করছে এসএপি নামের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান।ঢাকায় অনুষ্ঠেয় এ আয়োজনে অংশ নেবে এসএপির সঙ্গে কাজ করছে এমন ১০০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ১৫টি সহযোগী এবং সফটওয়্যার বিশেষজ্ঞরা। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে এসএপির ব্যবসাভিত্তিক সফটওয়্যার সমাধানগুলোর বিষয়ে জানানো হবে। মেমোরি কম্পিউটিং, মোবাইল, ক্লাউড ও এসএপির সফটওয়্যার বিষয়ে জানানো হবে।বাংলাদেশে এসএপির প্রধান গ্রাহকদের মধ্যে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, জেমকন ফুড অ্যান্ড এগ্রিকালচার প্রোডাক্টস লিমিটেড, এমজিএইচ হোল্ডিং, ভিয়েলাটেক্স গ্রুপ, এসিআই লজিস্টিক্স লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ব্যাংক এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।উল্লেখ্য, বিশ্বের অন্যতম এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসএপি বিশ্বজুড়ে ২৫টিরও বেশি ব্যবসায়িক খাতে সফটওয়্যার সেবা প্রদান করে থাকে।