২৪ ঘণ্টায় ২০ লাখ ফরমায়েশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন ৫ কেনার জন্য মাত্র ২৪ ঘণ্টায় ২০ লাখেরও বেশি ফরমায়েশ পাওয়া গেছে। গত শুক্র থেকে শনিবার পর্যন্ত এই ফরমায়েশ দিয়েছেন ক্রেতারা। আগামী শুক্রবার থেকে আইফোন ৫ বিক্রি শুরু হবে। তবে অ্যাপল নিশ্চিত করেছে, যে পরিমাণ ফরমায়েশ এসেছে প্রাথমিকভাবে তারা সে পরিমাণ আইফোন ৫ সরবরাহ করতে পারবে না। শুক্রবার তারা ফরমায়েশের বড় অংশ সরবরাহ করবে। বাকিটা আগামী অক্টোবর মাসে সরবরাহ করা হবে। বাজারে আসার আগেই আইফোন ৫-এর জন্য যত ফরমায়েশ এসেছে, তা আইফোন ৪এস-এর জন্য পাওয়া ফরমায়েশের রেকর্ডকে ভেঙে দিয়েছে। অ্যাপলের বিপণন বিভাগের প্রধান ফিল শিলার বলেন, আইফোন ৫-এর ব্যাপারে যে রকম সাড়া পাওয়া গেছে, তা রীতিমতো বিস্ময়কর। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুঠোফোন নেটওয়ার্ক এটিঅ্যান্ডটি ঘোষণা করেছে, আইফোন ৫ নতুন রেকর্ড গড়েছে। আর কোনো পণ্য এত দ্রুততম সময়ে আর বিক্রি হয়নি। আইফোন ৫ হাতে পাওয়ার জন্য ইতিমধ্যে অ্যাপলের বিক্রয়কেন্দ্রগুলোতে মানুষের লাইন পড়ে গেছে। লন্ডনের দুটি দাতব্য প্রতিষ্ঠানের কর্মীরা কভেন্ট গার্ডেন এলাকায় অ্যাপলের বিক্রয়কেন্দ্রের সামনে অস্থায়ী ঘাঁটি গেড়েছে। তাদের উদ্দেশ্য আইফোন ৫ কিনে তা বিক্রি করবে। এই বিক্রির অর্থ তারা মরণব্যাধি ক্যানসারের গবেষণায় দান করবে। আইফোন ৫ তার পূর্বসূরি আইফোন ৪এস-এর চেয়ে ১৮ শতাংশ পাতলা এবং ২০ শতাংশ হালকা। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে রোকেয়া রহমান