২৫ মার্চ ঢাকায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানশিক্ষা জনপ্রিয় করতে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি সারা দেশের ১২টি স্থানে ১১ মার্চ বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, নটর ডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ ও ঢাকা কলেজিয়েট স্কুলে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি, স্থানীয় বিজ্ঞানী ও শিক্ষকেরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে উৎসাহিত করেছেন। আঞ্চলিক প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ২৫ মার্চ ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।জাতীয় পর্যায়ে সুযোগ পাওয়া প্রতিযোগীদের নির্ধারিত টি-শার্ট পরে সকাল আটটায় প্রতিযোগিতাস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে। মূল প্রতিযোগিতা সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত চলবে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এই জাতীয় অলিম্পিয়াডে বিজয়ীদের অন্যান্য পুরস্কারের সঙ্গে বৃত্তি প্রদানের ব্যবস্থা করবে। এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। —বিজ্ঞপ্তি