২৫ মে থেকে ঢাকায় সফটওয়্যার প্রদর্শনী
‘আসুন, তুলনা করুন ও বেছে নিন’ স্লোগানে ২৫ মে থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনের ব্যবসায়িক সফটওয়্যার প্রদর্শনী ও মেলা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ নামের এ প্রদর্শনীর সহায়তায় রয়েছে আইসিটি বিজনেস প্রমোশনাল কাউন্সিল (আইবিপিসি)। বেসিসের মিলনায়তনে অনুষ্ঠেয় প্রদর্শনীতে ১৩টি প্রতিষ্ঠান তাদের সফটওয়্যারগুলোর সেবা ও সুবিধা সম্পর্কে মানুষকে জানাবে।প্রতি মাসে এ ধরনের একটি করে প্রদর্শনীর আয়োজন করার কথা বেসিসের।গতকাল মঙ্গলবার রাজধানীর বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর নানা তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলমাস কবির, স্থানীয় বাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান শেখ কবির আহমেদ, কো-চেয়ারম্যান গোপাল দেবনাথ, প্রদর্শনীর আহ্বায়ক উত্তম কুমার পাল, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ। সৈয়দ আলমাস কবির বলেন, ‘বিদেশি সফটওয়্যারগুলোর পাশাপাশি দেশে তৈরি ও উন্নয়ন করা সফটওয়্যারগুলোকে জনপ্রিয় ও বিদেশি সমমানের করতেই এ আয়োজন। এতে করে জনগণ দেশি সফটওয়্যার ব্যবহারে উদ্বুদ্ধ হবে।’ বিদেশি সফটওয়্যারের মতো দেশি সফটওয়্যারেও মূল্য সংযোজন কর প্রত্যাহারের দাবি জানান তিনি। প্রদর্শনীতে ব্যবসায়িক খাতের উপযোগী করে তৈরিকৃত সফটওয়্যারের ব্যবহার ও কাজ নিয়ে বিস্তারিত উপস্থাপন করা হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।সম্মেলনে আরও জানানো হয়, আগামী জুন মাসে তৈরি পোশাক খাতের সেবাদাতা সফটওয়্যারগুলো নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। পরবর্তী মাসগুলোতে মানবসম্পদ, ইন্টিগ্রেটেড বিজনেস সল্যুশন, ওয়েব ডেভেলপমেন্ট, শিক্ষা, হাসপাতাল-ব্যবস্থাপনা, আবাসন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ও ই-কমার্সের বিষয়ে সফটওয়্যার প্রদর্শনীর আয়োজন করা হবে। —জিয়াউর রহমান চৌধুরী