২৭ আগস্ট অনলাইন নিরাপত্তা নিয়ে ঢাকায় সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে ডিজিটাল লেনদেন নিশ্চিতকরণ’ শিরোনামে ২৭ আগস্ট ঢাকায় একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর যৌথ আয়োজক। গতকাল সোমবার রাজধানীতে অনুষ্ঠিত ‘আইটি সিকিউরিটি অ্যান্ড ফ্রড ডিটেকশন কনসিডারিং বাংলাদেশ প্রসপেক্ট’ নামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে সিটিও ফোরমের সভাপতি তপন কান্তি সরকার বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ডিজিটাল লেনদেন ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সেমিনারটির গুরুত্ব রয়েছে। এই সেমিনার অনলাইন বাণিজ্যের নতুন নির্দেশনা ও যুগোপযোগী পরিকল্পনা হিসেব সহায়ক ভূমিকা রাখবে। এ ছাড়া তিনি অনলাইন জালিয়াতির বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক প্রযুক্তি ব্যবহার বিষয়ে বিষদ আলোচনা করেন।
সম্মেলনে জানানো হয়, ঢাকার বিআইবিএম মিলনায়তনে সেমিনারটি হবে। বক্তারা বলেন, দেশীয় অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা বাড়ার হার এবং উন্নত প্রযুক্তির ব্যবহার ব্যাংকিং খাতকে এগিয়ে নিয়েছে বহুদূর। এ ধারা অব্যাহত রাখতে অনলাইন জালিয়াতি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশে বর্তমানে ৭০০-এর বেশি অনলাইন দোকান রয়েছে বলে সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটিও ফোরামের সাধারণ সম্পাদক ইজাজুল হকসহ অনেকে।
রাহিতুল ইসলাম