২৭ ফেব্রুয়ারি থেকে আইসিটি ওয়ার্ল্ড মেলা
‘তথ্যই শক্তি, প্রযুক্তিতে মুক্তি’ স্লোগানকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’ নামের কম্পিউটার মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে এ মেলা চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। এবারই প্রথমবারের মতো বিসিএসের কোনো মেলা আয়োজন করা হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কে। মেলা সম্পর্কে গতকাল রোববার ঢাকার বিসিএস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা নতুন জায়গায় প্রযুক্তি মেলা করছি। আশা করছি, এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তিবাজার হিসেবে পরিচিত হবে। নতুন জায়গায় আমরা ভালোই সাড়া পাব বলে আশাবাদী।’ তিনি জানান, এবারের মেলায় কম্পিউটার পণ্যবিক্রেতা প্রতিষ্ঠানের পাশাপাশি থাকছে বিভিন্ন মোবাইল প্রতিষ্ঠানের স্টলও। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের মহাসচিব ও প্রদর্শনীর আহ্বায়ক মো. শাহিদ-উল-মুনির, যমুনা গ্রুপের পরিচালক (বিপণন, বিক্রয় ও পরিচালন) মোহাম্মাদ আলমগীর, মাত্রার ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন, বিসিএসের সহসভাপতি মো. মইনুল ইসলাম, পরিচালক ফয়েজউল্লাহ খানসহ অনেকে।
মেলা সম্পর্কে জানানো হয়, নতুন সব তথ্যপ্রযুক্তির উদ্ভাবনের খোঁজ মিলবে এই মেলায়। আরও থাকবে সচেতনতা, বিনোদন ও বৈচিত্র্যময় নানা আয়োজন। থাকছে সেলিব্রেটি শো, কুইজ প্রতিযোগিতা, পণ্য প্রদর্শনী, জাদু প্রদর্শনী, কৌতুক পরিবেশন ইত্যাদি। তা ছাড়া প্রদর্শনী চলাকালে তথ্যপ্রযুক্তিবিষয়ক পাঁচটি সেমিনার অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য থাকবে ডিজিটাল চিত্রাঙ্কন, ডিজিটাল আলোকচিত্র, গল্প লেখা প্রতিযোগিতা, গেমিংসহ মেলায় থাকবে ওয়াই ফাই জোন ব্যবস্থা। প্রদর্শনীর পাশাপাশি ওয়েবসাইটেও পণ্য প্রদর্শন চলবে। এতে থাকবে মেলার সব ধরনের আয়োজন, যেখানে অংশ নিয়ে পাওয়া যাবে ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন। এ মেলায় স্থায়ী দোকান ১০০টি এবং অস্থায়ী ৫০টি প্যাভিলিয়ন অংশ নেবে বলেও জানিয়েছেন আয়োজকেরা। বিস্তারিত: www.bcsictworld. com.bd। —রাহিতুল ইসলাম