২৮ পেরিয়ে মার্ক জাকারবার্গ
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ গতকাল সোমবার তাঁর ২৮তম জন্মদিন পালন করেছেন। ১৯৮৪ সালের ১৪ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম জাকারবার্গের। এক্সিকিউটিভ সার্চ স্পেন্সার স্টুয়ার্টের হিসাব অনুযায়ী, বিশ্বের ৫০০ প্রধান নির্বাহী কর্মকর্তার গড় বয়সের তুলনায় জাকারবার্গের বয়স ঠিক অর্ধেক। তাঁর বয়স যখন মাত্র ২০ বছর তখন তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। এত কম বয়সে কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করার নজির খুবই কম। ২০০৪ সালের গোড়ার দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডর্মের কক্ষে ফেসবুকের যাত্রা শুরু। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে হার্ভার্ডের শিক্ষার্থীদের সহায়তার জন্য ফেসবুক তৈরি করা হলেও আট বছর পর তা এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে পরিণত হয়েছে। বয়স কম হলেও জাকারবার্গ একজন অভিজ্ঞ মানুষের মতোই দক্ষতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। একদল দক্ষ কর্মী নিয়ে ফেসবুকের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। প্রভাবশালী দুটি সার্চ ইঞ্জিন গুগল ও ইয়াহুসহ বেশ কটি প্রতিষ্ঠান ফেসবুক কিনে নিতে চাইলেও জাকারবার্গ কখনো এ প্রস্তাবে রাজি হননি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্যালো আলটো শহরের একটি বাড়িতে বান্ধবী ও একটি পোষা কুকুরের সঙ্গে বাস করছেন জাকারবার্গ। মার্কিন সাময়িকী ফোর্বস-এর চলতি বছরের বিশ্বের বিলিয়নারের তালিকায় মার্ক জাকারবার্গের নাম এসেছে। তালিকায় তাঁর অবস্থান ৩৫তম। তাঁর সম্পদের পরিমাণ এক হাজার ৭৫০ কোটি ডলার। —এপি অবলম্বনে রোকেয়া রহমান