২৮ মে চট্টগ্রামে ই-বাণিজ্য মেলা
তথ্যপ্রযুক্তিবিষয়ক মাসিক পত্রিকা কমপিউটার জগৎ-এর উদ্যোগে ২৮ মে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে ‘ই-জগৎ ডটকম চট্টগ্রাম ই-বাণিজ্য মেলা ২০১৫’। তিন দিনের এ মেলায় থাকবে ই-বাণিজ্য নিয়ে নানা আয়োজন। আয়োজন বিষয়ে গত রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নাঈমুল হাছান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ, ই-বাণিজ্য মেলার মেলা-সমন্বয়ক মোহাম্মদ এহতেশাম উদ্দিন মাসুমসহ অনেকে উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, মেলায় মোট ৫০টি স্টল থাকবে। এসব স্টলে বিভিন্ন ই-কমার্স সাইট, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান, বন্দর অটোমাইজেশন, মোবাইল অপারেটর, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলায় বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিশিষ্ট বক্তারা ই-কমার্স ইস্যু নিয়ে বক্তব্য দেবেন। মেলা চলাকালীন বিভিন্ন পণ্যের ওপর মূল্যছাড়সহ আকর্ষণীয় উপহার থাকবে। মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এবং মেলা অঙ্গনে থাকবে ফ্রি ওয়াল-ফাই ইন্টারনেট সুবিধা।বিস্তারিত: www.e-commercefair.com। বিজ্ঞপ্তি