২৯ মার্চ কম্পিউটার সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ মার্চ দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নির্বাচন। এ নির্বাচনে ২০১৪-১৫ মেয়াদের জন্য বিসিএসের কার্যনির্বাহী ও শাখা কমিটি গঠিত হবে।
নির্বাচন উপলক্ষে গতকাল শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সেমিনার হলে ‘প্রার্থী পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্বদেশ রঞ্জন সাহা বলেন, ‘এবার ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। আপনাদের নির্বাচিত প্রতিনিধিরা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের জন্য নিজেদের সবটুকু ঢেলে কাজ করবেন।’
অনুষ্ঠানে আপিল বোর্ডের চেয়ারম্যান শাফকাত হায়দার, সদস্য এ কে এম শামছুল হুদা, নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য আতিক-ই-রাব্বানী বক্তৃতা করেন।
বিসিএসের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সাতটি পদের জন্য প্রার্থী ১৩ জন। এর মধ্যে প্যানেলবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন।এ প্যানেলে রয়েছেন এ এইচ এম মাহফুজুল আরিফ, নজরুল ইসলাম, আলী আশফাক, মজিবুর রহমান, ইউসুফ আলী, কাজী শামছুদ্দীন আহমেদ ও শফিক উদ্দীন আহমেদ। পরিচিতি পর্বে এ প্যানেলের পক্ষ থেকে প্রার্থীরা বলেন, এবারের নির্বাচনে তাঁদের স্লোগান হলো, ‘বেটার বিজনেস অ্যান্ড বিসিএস’। তাঁরা ব্যবসায় লভ্যাংশ বাড়ানোর জন্য প্রযুক্তি বাজারের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন।তাঁরা হলেন সঞ্জয় কুমার সাহা, এস এম ওয়াহিদুজ্জামান, মঈনুল ইসলাম, সুব্রত সরকার, নাজমুল আলম ভূঁইয়া ও আবদুল মোমিন খান। তাঁরা তাঁদের বক্তব্যে তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের উন্নয়নে কাজ করবেন বলে জানান।
ঢাকার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ করা হবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। শাখা কমিটিগুলোর মধ্যে রয়েছে খুলনা, সিলেট, ময়মনসিংহ, যশোর, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লা। আটটি শাখার মধ্যে শুধু যশোর শাখা কমিটির নির্বাচন হবে।
—মো. রাফাত জামিল