৩০ অক্টোবর থেকে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ অক্টোবর থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে বাংলাদেশকম্পিউটার সমিতির (বিসিএস) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মেলা।‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’ স্লোগানে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১০ নামের এ মেলা চলবে ২ নভেম্বর পর্যন্ত। গতকাল বুধবার বিসিএস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, মেলার আহ্বায়ক মজিবুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা।সংবাদ সম্মেলনে মজিবুর রহমান জানান, এবারের মেলায় চার দিনে থাকছে তিনটি সেমিনার। এতে বাংলাদেশের প্রেক্ষাপটে তথ্যপ্রযুক্তি, বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহারিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচনা করা হবে। মেলায় অংশগ্রহণকারী চীনের ইন্সপিউর গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস টু বিজনেস (বিটুবি) আলোচনায় অংশ নেবে। মেলায় ৬৫টি প্রযুক্তি প্রতিষ্ঠান ৭১টি স্টল এবং ২৫টি প্যাভিলিয়নের মাধ্যমে প্রযুক্তিশিক্ষার উপকরণ, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, ডিজিটাল জীবনধারাভিত্তিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করবে। পুরো মেলায় থাকছে ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ, অনলাইন ভিডিও স্ট্রিমিং, আইপি টিভি, রেডিও, ইন্টারনেট গেমিং ইত্যাদির ব্যবহার-পদ্ধতি ও প্রক্রিয়ার ব্যবস্থা। এ ছাড়া মেলার প্রথম দিনে থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশ টিকিট মূল্য ২০ টাকা, তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। টিকিটের ওপর প্রতিদিন রয়েছে র‌্যাফল ড্র। মেলায় সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।পৃষ্ঠপোষকতা করছে কিউবি, আসুস, স্যামসাং, ব্রাদার ও মার্কারি। মেলা সম্পর্কে বিস্তারিত www.bcsictworld.com.bd ঠিকানার ওয়েবসাইটে জানা যাবে। —নুরুন্নবী চৌধুরী