৩০ জানুয়ারি আসছে নতুন দুইটি ব্ল্যাকবেরি স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন অপারেটিং সিস্টেমযুক্ত দুটি নতুন স্মার্টফোন বাজারে আনবে রিসার্চ ইন মোশন বা রিম। ২০১৩ সালের ৩০ জানুয়ারি এ সংক্রান্ত ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। এ দুটি স্মার্টফোনে ব্যবহূত হবে রিমের তৈরি নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি১০। বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন এই স্মার্টফোন আনছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।স্মার্টফোনের বাজারে একসময় সামনের সারিতেই ছিল ব্ল্যাকবেরি। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ব্ল্যাকবেরির নতুন অপারেটিং সিস্টেমের সাফল্যের উপরেই প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর বিষয়টি নির্ভর করছে। গত দুই বছর ধরে অ্যাপল ও স্যামসাংয়ের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েছে রিমের ব্ল্যাকবেরি। বাজারে অন্যান্য স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে রিমের নতুন দুটি স্মার্টফোন। প্রযুক্তি বিশ্লেষকেরা আরও জানিয়েছেন, বাজারে ব্ল্যাকবেরির অবস্থান খারাপ ও নতুন পণ্য দেরিতে আসায় বিনিয়োগকারীরা উত্সাহ হারিয়ে ফেলেছিলেন। তাদের অভিমত বিনিয়োগকারীদের উত্সাহ দিতেই ব্ল্যাকবেরি নির্মাতা রিমের নতুন এই স্মার্টফোন আনার পরিকল্পনা। এ প্রসঙ্গে রিম জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে একসঙ্গে কয়েকটি দেশে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি স্মার্টফোনের ঘোষণা দেওয়া হবে। ৩০ জানুয়ারি ঘোষণা দেওয়া হলেও কবে নাগাদ বাজারে পাওয়া যাবে সে সম্পর্কে কোন তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।রিম কর্তৃপক্ষের ভাষ্য, নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরি স্মার্টফোনগুলো হবে দ্রুতগতির এবং তাতে অসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা থাকবে।ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমটি এরমধ্যেই যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা বিভাগ থেকে ছাড়পত্র পেয়েছে।