৩০ জেলায় শিশু একাডেমীর কম্পিউটার প্রশিক্ষণ
বর্তমান সময় প্রতিযোগিতার। বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় টিকতে হলে শিশুদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে হবে। তথ্যপ্রযুক্তির এই সময়ে তাদের প্রযুক্তিগত শিক্ষা দিতে পারলে তারা এ শিক্ষায় পারদর্শী হয়ে উঠবে। গতকাল বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমীতে দেশের বিভিন্ন জেলায় কম্পিউটার প্রদান অনুষ্ঠানে মহিলা ও শিশু প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের ৩০টি জেলায় বাংলাদেশ শিশু একাডেমীর মাধ্যমে শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি জেলায় পাঁচটি করে কম্পিউটার দেওয়া হচ্ছে।এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০টি জেলার শিশুদের তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী বছরে এ কর্মসূচি ৬৪টি জেলায় সম্প্রসারণ করা হবে বলে প্রতিমন্ত্রী জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণ কর্মসূচির ফলে শিশুরা প্রযুক্তিশিক্ষায় পারদর্শী হয়ে উঠবে। বক্তব্য শেষে মন্ত্রী বিভিন্ন জেলা থেকে আসা জেলার শিশুবিষয়ক কর্মকর্তাদের হাতে কম্পিউটার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর মহাপরিচালক ফালগুনী হামিদ। কম্পিউটার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু একাডেমীর চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার। —মোছাব্বের হোসেন