৩০ টির বেশি মডেলের নতুন ল্যাপটপ মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যাপটপ মেলার নতুন ল্যাপটপ দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।
ল্যাপটপ মেলার নতুন ল্যাপটপ দেখছেন দর্শনার্থীরা। ছবি: সংগৃহীত।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আজ সকাল থেকে শুরু হয়েছে ল্যাপটপ মেলা। মেলা চলবে আরও দুই দিন। মেলার আয়োজক এক্সপো মেকার কর্তৃপক্ষ জানিয়েছে, শুরু থেকে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা জমে উঠেছে। মেলায় এবার ৩০ টির বেশি নতুন মডেলের ল্যাপটপ এসেছে।
মেলার প্রকৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, প্রতিবছর ল্যাপটপের মেলায় ভিড় বেশি থাকে। এবার দর্শনার্থীদের কথা মাথায় রেখে পরিসর বাড়ানো হয়েছে। এতে সহজে নতুন প্রযুক্তিপণ্য দেখতে পারছেন দর্শনার্থীরা। মেলার আকারও বাড়ানো হয়েছে এবার।’
মুহাম্মদ খান বলেন, ‘এবারের ল্যাপটপ মেলার বিশেষত্ব হচ্ছে নতুন নতুন মডেলের ল্যাপটপ। বিভিন্ন প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড পিসি মেলায় পাওয়া যাবে। এ ছাড়া মেলায় ছাড়-উপহার তো আছেই।’
এক্সপো মেকার আয়োজিত এই মেলায় রয়েছে সাতটি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯ স্টল। সেখানে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য নিয়ে হাজির হয়েছে।
মেলা উপলক্ষে আয়োজিত সেমিনার ও কর্মশালার অংশ হিসেবে আজ বেলা ১১টায় ‘আমাজন অ্যাফিলিয়েট বাংলাদেশ মিটআপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার বেলা তিনটায় ‘বিশেষ স্কলারশিপে মালয়েশিয়ায় স্পট অ্যাডমিশন’ এবং ‘ই-কমার্স স্টার্টআপ’ শিরোনামে প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান এডুমেকার দুইটি সেমিনার করবে।

এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস, সিস ইনফ্লেক্সিয়ন পয়েন্টের মতো ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।
মেলায় অংশ নিয়েছে স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভো, এইচটিএস, গ্যাজেট গ্যাং সেভেন, ডিএক্স জেনারেশন, মাইক্রোল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সলিউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য ৩০ টাকা। স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় বা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।