৩০ মিনিটে ফেসবুকে ক্ষতি ৫ লাখ ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারী এবং আয়ের দিক দিয়ে নানাভাবেই শীর্ষে আছে। ফেসবুক বন্ধ থাকলে ক্ষতির পরিমাণও তাই অনেক হয়। গত বৃহস্পতিবার প্রায় ৩০ মিনিটের জন্য বন্ধ ছিল ফেসবুক। আর এ সময়ে ফেসবুকের ক্ষতির পরিমাণ পাঁচ লাখ ডলার! হঠাৎ করে এ সমস্যা হওয়ায় ওই সময়টা বিশ্বজুড়ে ফেসবুকে প্রবেশ করতে পারেননি ব্যবহারকারীরা। এ সময়ে ফেসবুকের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফেসবুকে এ সময়ে যাঁরা প্রবেশ করেছেন, তাঁরা ‘সরি সামথিং ওয়েন্ট রং। উই আর ওয়ার্কিং অন গেটিং দিস ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান’ বার্তাটি পেয়েছেন। অবশ্য পরে এ বিষয়ে ফেসবুক আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এবং এর ব্যাখ্যা দিয়েছে।
ফেসবুকের মূল আয় আসে বিজ্ঞাপন থেকে। কিন্তু সার্ভার ডাউন থাকার ফলে ফেসবুক বন্ধ ছিল। এ সময়ে কোনো ব্যবহারকারীই ফেসবুকে প্রবেশ করতে পারেননি। ফলে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ও হয়নি। এ সময়ে ফেসবুকের যে ক্ষতি হয়েছে, সেটি হিসাব করে প্রকাশ করেছে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। ফোর্বস জানায়, অন্যান্য সময়ে ফেসবুকের যেমন আয় ছিল, সে হিসাবেই এ সময়ের আয়ের হিসাব করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের প্রথম কোয়ার্টারে ফেসবুকের আয় ছিল ২৫০ কোটি ডলার। বর্তমানে ১৩০ কোটি ব্যবহারকারী নিয়মিত ফেসবুক ব্যবহার করেন। এর আগে ২০১০ সালে একবার একইভাবে বড় ধরনের যান্ত্রিক সমস্যায় পড়ে ফেসবুক। সে সময় প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল ফেসবুক। ফেসবুকের এমন সমস্যায় উপহাস করে পোস্ট করা হয়েছে খুদে ব্লগ লেখার সাইট টুইটারে।
—ফোর্বস