৩০ লাখেরও বেশি মানুষ মোবাইল ব্যাংকিং করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন ডেবিট-ক্রেডিট কার্ডধারীর সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়ে গেছে। মোবাইল ব্যাংকিং-সেবা নিচ্ছেন ৩০ লাখেরও বেশি লোক। এ সংখ্যা খুব দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ইলেকট্রনিক বাণিজ্য নিয়ে সপ্তাহব্যাপী আয়োজন ই-কমার্স সপ্তাহের উদ্বোধনকালে এ তথ্য জানান। তিনি বলেন, ‘ই-কমার্স হচ্ছে এমন একটি পদ্ধতি, যেখানে অনলাইনে টোকা দিলেই পণ্য আপনার বাড়িতে পৌঁছে যাবে। বাংলাদেশে ধারণাটি নতুন হলেও এরই মধ্যে তা জনপ্রিয়তা পেয়েছে।’ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এই আয়োজন করেছে। ‘শপ অনলাইন: এনিথিং, এনিটাইম’ স্লোগানে শুরু হওয়া এই আয়োজন চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। তবে ১২ জানুয়ারি হবে ই-কমার্স প্রদর্শনী এবং ই-কমার্স কনসার্ট। উদ্বোধনী অনুষ্ঠানে বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘ই-কমার্স সপ্তাহের মাধ্যমে মানুষ একটি পরিষ্কার ধারণা পাবে এই বাণিজ্য সম্পর্কে।’ ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘অনলাইনে বাণিজ্য-চাহিদা দেশে দ্রুত বাড়ছে। এ বছরই আমরা অনলাইনে গাড়ির নিবন্ধন ফি জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছি। ফলে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ হয়ে আসবে।’ ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মোহাম্মদ শিরিন বলেন, ‘ডাচ্-বাংলা ব্যাংক দেশে প্রথম ইন্টারনেট পেমেন্ট গেটওয়ে চালু করে।’ এসএসএল কমার্সের প্রধান নির্বাহী সাইফুল ইসলাম বলেন, ‘ঘরে বসেই আমাদের পণ্য যেমন বিশ্ববাজারে পৌঁছতে পারে, তেমনি আমরাও বিশ্ববাজার থেকে নিজেদের চাহিদা মেটাতে পারি। আর এই কাজটি একমাত্র ই-কমার্সের মাধ্যমেই সম্ভব।’ঢাকার বিভিন্ন ভেন্যুতে ই-কমার্স সপ্তাহের নানা আয়োজন হবে। এই সপ্তাহে থাকছে চারটি গোলটেবিল বৈঠক, একটি সেমিনার, দুটি কারিগরি অধিবেশন সেশন, বিশেষ প্রচারণা ইত্যাদি। গতকালবেসিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় ই-কমার্স নিয়ে কারিগরি সেমিনার। আজ সন্ধ্যা ছয়টায় বেসিস মিলনায়তনে গুগলবিজনেস গ্রুপ অন ই-কমার্স শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে।ই-কমার্স সপ্তাহের সহযোগী পার্টনার হিসেবে রয়েছে রকমারি ডটকম, আমার দেশ আমার গ্রাম, সূর্যমুখী, পেজা, আজকের ডিল, এখনি ডটকম, বিকাশ ও অসকম।—ইমাম হাসান