তথ্যপ্রযুক্তি জগতের কিংবদন্তি হিসেবে খ্যাত অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা স্টিভ জবস ১৯৮৪ সালের ২৪ জানুয়ারি বাজারে ছেড়েছিলেন ম্যাকিন্টোশ কম্পিউটার। কম্পিউটারটির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়ার আগে স্টিভ জবস বলেছিলেন, ‘এটি একটি মহান কম্পিউটার।’ সেই ম্যাকিন্টোশ আগামী বছর পূর্ণ করতে যাচ্ছে ৩০ বছর। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে ফ্লিন্ট সেন্টারে আগামী ২৫ জানুয়ারি আয়োজন করা হচ্ছে এক বিশেষ অনুষ্ঠানের। এই ফ্লিন্ট সেন্টারেই স্টিভ জবস সারা বিশ্বের সঙ্গে ম্যাকিন্টোশের পরিচয় করিয়ে দিয়েছিলেন। অল প্ল্যানেট স্টুডিওস, দ্য কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম এবং ম্যাকওয়ার্ল্ড ও আইওয়ার্ল্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ম্যাকিন্টোশ তৈরির সঙ্গে জড়িত অনেকে এ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
ম্যাকিন্টোশ কম্পিউটারেই প্রথমবারের মতো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ও মাউসের ব্যবহার করা হয়। স্টিভ জবস যখন ম্যাকিন্টোশ বাজারে ছাড়েন তখন আইবিএম কম্পিউটারের জয় জয়কার চলছে। মূলত আইবিএমের আধিপত্য খর্ব করতেই স্টিভ জবস ম্যাকিন্টোশ তৈরি করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। একসময় আইবিএম কম্পিউটারের কাছে হেরে যায় ম্যাকিন্টোশ। তার পরও পড়ালেখা ও ডেস্কটপ প্রকাশনার কাজে এই কম্পিউটার সাফল্য বয়ে আনে।
—সিনেট অবলম্বনে রোকেয়া রহমান