৩০০ বছর পরে ইতিহাস গড়ল 'দ্রাঘিমা' ঘড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন হ্যারিসন, ঘড়িটির উদ্ভাবক
জন হ্যারিসন, ঘড়িটির উদ্ভাবক

ধারণাটা যখন দিয়েছিলেন, তখন কেউই পাত্তা দেয়নি জন হ্যারিসনকে। দেবেই বা কী করে? সময়টা তো ৩০০ বছর আগের। যেখানে সপ্তাহে এক সেকেন্ড এদিক-ওদিক হবে না—এমন ঘড়ি পাওয়াই দুষ্কর, সেখানে ১০০ দিনেও হবে না—এমন ঘড়ির ধারণা কে-ই বা বিশ্বাস করে?
হয়েছিলও তাই-ই। তবে ৩০০ বছর পরে এসে এখন প্রমাণিত হলো জন হ্যারিসনই ঠিক ছিলেন। নীরবে ইতিহাস গড়ল তাঁর ‘দ্রাঘিমা’ ঘড়ি। যুক্তরাজ্যের গ্রিনিচে অবস্থিত রয়েল অবজারভেটরিতে (মানমন্দির) এক পরীক্ষায় প্রমাণিত হয়েছে, ৩০০ বছর আগে নকশা করা ঘড়িটিই ‘মুক্ত বাতাসে দোদুল্যমান পেন্ডুলাম থাকা যান্ত্রিক ঘড়িগুলোর মধ্যে সবচেয়ে নির্ভুল’। ঘড়িটির নির্ভরতার বিষয়টি সনদও দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
১০০ দিন ধরে ঘড়িটি মান মন্দিরে দাপ্তরিক পরীক্ষার অংশ হিসেবে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল, এর আঠারো শতকের নকশাকারী জন হ্যারিসন যে দাবি করেছিলেন, তা আসলেই ঠিক ছিল কি না। তাই ঘড়িটির সঙ্গে জন হ্যারিসনেরও পরীক্ষা ছিল এটা।
বিজ্ঞানবিষয়ক মার্কিন লেখক ডাভা সোবেলের সর্বাধিক বিক্রীত বই ‘লনজিটিউড’-এর (১৯৯৫) মূল উপজীব্য ছিলেন জন হ্যারিসন। বইটিতে সাগরে দ্রাঘিমাংশ নির্ধারণের সমস্যা সমাধান হ্যারিসন কীভাবে করেছিলেন, তা বর্ণিত আছে। হ্যারিসন গর্ব করে বলেছিলেন, তাঁর সর্বশেষ নকশা করা পেন্ডুলাম ঘড়িটি টানা ১০০ দিনেও এক সেকেন্ড সময় বাড়বে বা কমবে না। গত বৃহস্পতিবার সকালে গ্রিনিচ মানমন্দিরে ঘড়িটির ১০০ দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর, সেই কথা ফলে গেল অক্ষরে অক্ষরে।
অবশ্য হ্যারিসনের নকশা করা ঘড়িটি এখন ‘মার্টিন বার্জেস ক্লক বি’ নামে পরিচিত। ঘড়িটির আধুনিক-যুগের নির্মাতা মার্টিন বার্জেসের নামে এ নাম। ঘড়িটি এক বছর আগে যখন টিক্ টিক্ আওয়াজ তুলে চলতে শুরু করে, তখনই এটা স্পষ্ট হয়ে যায় যে এটি রেকর্ড গড়তে যাচ্ছে। মূলত বিষয়টি স্পষ্ট হওয়ার পরই গ্রিনিচ মানমন্দিরে ১০০ দিনের পরীক্ষার সুযোগ পায়।
রয়েল অবজারভেটরির জ্যেষ্ঠ হরোলজি (ঘড়ি নির্মাণবিদ্যা) বিশেষজ্ঞ জোনাথন বেটস বলেন, ‘আজ একটি পরীক্ষার ভেতরে আরেকটি পরীক্ষার শীর্ষ বিন্দু দেখা গেল। ঘড়িটি চালানো শুরু করার পরপরই এটা স্পষ্ট হয়েছিল যে এটা অবিশ্বাস্যকরভাবে কাজ করছে। সুতরাং, তার পরপরই আমরা পরীক্ষা শুরু করলাম। কেননা, ঘড়িটা যে এতটা ভালোভাবে চলছে, তা কেউই বিশ্বাস করছিল না।’
মূলত হ্যারিসন নিজের শেষ বছরগুলোতে এমন একটি ঘড়ি তৈরির নির্দেশনা রেখে গিয়েছিলেন। তবে এমন একটি দুর্বোধ্য বইয়ে সেই নির্দেশনা ছিল, যা পড়ার সাধ্য ছিল না কারও।
বিশেষজ্ঞ বেটস বলেন, ‘এটা এমন একটা দাবি ছিল, যা হ্যারিসন করেছিলেন, অন্য সবাই তা অবিশ্বাস করেছিল। কারণ, তখনকার দিন সবচেয়ে ভালো যে ঘড়িটা সময় দিত, সেটাও সপ্তাহে প্রায় এক সেকেন্ড হেরফের হওয়ার বেশি ভালো করতে পারত না। সুতরাং ১০০ দিনেও এক সেকেন্ড সময় নির্ভুল রাখার ধারণা তখন ছিল গাঁজাখুরি গল্পের মতোই। বিংশ শতকে এসেই কেবল মানুষ ভাবতে শুরু করে, হ্যারিসনের ধারণা হয়তো সঠিকই ছিল।’
মার্টিন বার্জেস ঘড়িটি বানিয়েছেন হ্যারিসনের নকশার ভিত্তিতেই। তবে এতে ব্যবহার করেছেন আধুনিক সব উপাদান। অবশ্য নির্মাণকৌশলটা অবিকল হ্যারিসনের কাছ থেকেই গ্রহণ করেছেন। সেটাই নিশ্চিত করে বিশেষজ্ঞ বেটস বললেন, ‘তার অর্থ এই নয় যে এটা হ্যারিসনের ঘড়ির রেপ্লিকা। মূলত এখানে হ্যারিসনের নকশা ও ধারণা দুটোই ব্যবহার করা হয়েছে। এটা উপলব্ধি করা গুরুত্বপূর্ণ বিষয় যে, তাঁর নকশাটিই ইতিহাসের পুরোটা সময় সবচেয়ে সেরা নকশা ছিল।’
প্রথাগত ঘড়ি নির্মাণবিদ্যায় বলা হয়ে থাকে, একটা ভারী পেন্ডুলাম দণ্ড এবং দোলার জায়গাটা সংক্ষিপ্ত হলেই ঘড়িটি ভালো সময় দেবে। কিন্তু হ্যারিসন দিয়েছিলেন ঠিক উল্টো তত্ত্ব। তাঁর নকশা করা ঘড়িতে পাতলা পেন্ডুলাম দণ্ড এবং প্রসারিত জায়গা ব্যবহার করা হয়েছে। বিষয়টা ব্যাখ্যা করে বেটস বলেন, ‘এটা ছিল একেবারে মৌলিক পার্থক্য। হ্যারিসনকে বিশ্বাস না করার আরেক কারণ ছিল এটি।’
রয়েল অবজারভেটরির হরোলজি বিভাগের পরিচালক ররি ম্যাকইভয়ের মতে, ঘড়িটি যেভাবে নিখুঁত সময় দিয়েছে, তা আগে কেউ প্রত্যাশাই করেনি। তিনি বলেন, ‘আমরা এখানে যা দেখেছি তা হলো একটা ঘড়ি নিখুঁতভাবে চলছে। আমরা এটাকে বিন্যস্ত করে আরও ভালো করতে পারি।’ সূত্র: ইনডিপেনডেন্ট