৩১ মে ফেসবুক ছাড়বেন একদল ব্যবহারকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের (সোশ্যাল নেটওয়ার্কিং) জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের সাম্প্রতিক কিছু পরিবর্তনে ক্ষুব্ধ হয়েছেন একদল ব্যবহারকারী। ওই পরিবর্তনে ফেসবুক গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হবে বলে তাঁরা মনে করছেন। এ জন্য তাঁরা ৩১ মে ফেসবুকে তাঁদের অ্যাকাউন্ট মুছে দেবেন। ব্যবহারকারীদের ওই দলটি অন্যদেরও অ্যাকাউন্ট মুছে ফেলার আহ্বান জানাচ্ছে। কয়েক দিন ধরে অনেকে অভিযোগ করছেন, ফেসবুকে তাঁদের ‘ওপেন গ্রাফ মডেল’ অন্যান্য সাইট থেকেও দেখা যাচ্ছে। এতে ব্যবহারকারীর গোপনীয়তা বলে কিছু থাকবে না বলে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ‘এটা স্পষ্ট যে কিছু গ্রাহক আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তবে ফেসবুকের তাতে কোনো ক্ষতি হবে না। কারণ এর গ্রাহকসংখ্যা ৪০ কোটিরও বেশি।’ গত সোমবার পর্যন্ত দুই হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁরা ‘কুইট ফেসবুক ডে’ নামে একটি পেইজে লিখেছেন, ‘আপনি কি মনে করেন, ফেসবুকে আপনার তথ্য ও ছবি সুরক্ষিত আছে? মোটেও তা নেই। আপনার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি ফেসবুক কর্তৃপক্ষের কোনো ধরনের শ্রদ্ধা নেই। কাজেই বেরিয়ে আসুন ফেসবুক থেকে।’ এক হাজার ৯০ জন ব্যবহারকারী কুইট ফেসবুক ডে পেইজকে পছন্দ (লাইক) করেছেন। ৩১ মে যে পরিমাণ ব্যবহারকারী ফেসবুক ছাড়ার ঘোষণা দিচ্ছেন, তা ওয়েবসাইটটির মোট ব্যবহারকারীর মাত্র শূন্য দশমিক ০০০০০০৬৮ শতাংশ। —সিএনএন অবলম্বনে রোকেয়া রহমান