৩৪ হাজার তরুণকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হবে
সরকারি উদ্যোগে দেশের ৩৪ হাজার তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ দেওয়া হবে। ‘লিভারেজিং আইসিটি প্রকল্প’ নামের এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এ প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে সাত কোটি ডলার ঋণ-সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশীয় অর্থায়নও থাকছে। গতকাল মঙ্গলবার বিসিসির সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ বলেন, ‘আমাদের অর্থনীতিতে কিছু বৈচিত্র্য আনা দরকার। এ ক্ষেত্রে আইসিটি খাতটা খুবই কার্যকরী। দেশে একটি তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজ কাঠামো তৈরি হলে অর্থনৈতিক সচ্ছলতা আসবে। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হবে।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক রেজাউল করিম, কম্পোনেন্ট দলনেতা ফখরুজ্জামান, যোগাযোগ বিশেষজ্ঞ অজিত কুমার সরকারসহ অনেকে।
এই প্রকল্পের মাধ্যমে তিনটি ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে—ফার্স্ট ট্র্যাক ফিউচার লিডার (চার হাজার প্রশিক্ষণার্থী), টপ-আপ আইটি ট্রেনিং (১০ হাজার) ও তথ্যপ্রযুক্তি খাতে ভিত্তিমূলক প্রশিক্ষণ (২০ হাজার)।
ফার্স্ট ট্র্যাক ফিউচার লিডার ধাপে প্রথম ব্যাচে প্রশিক্ষণের জন্য শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। এরপর একটি অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হবে। প্রশিক্ষণ চলবে পাঁচ মাস ধরে, অংশ নেবেন ২১০ জন প্রশিক্ষণার্থী। প্রত্যেকের জন্য রয়েছে মাসিক ভাতা ও থাকা-খাওয়ার ব্যবস্থা। নিবন্ধনের শেষ তারিখ ২৮ এপ্রিল।
সভায় বক্তারা বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় কর্মমুখী শিক্ষার অভাব রয়েছে। কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন বিষয় থেকে স্নাতক পাস করার পর শিক্ষার্থীরা বুঝতে পারেন না তাঁদের কী করা উচিত বা কোন কাজে তাঁরা উপযুক্ত। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং তাঁদের মেধা বিকশিত হবে। সরকার, ব্যবসায় খাত এবং শিক্ষাপ্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করতে পারবে।’
প্রসঙ্গত, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কার্যক্রম শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে। প্রকল্পটি গ্রহণ করা হয় ২০০৯ সালে। বিস্তারিত: www.lict.gov.bd। —মো. রাফাত জামিল