৩৬০ ডিগ্রি ছবি এবং ভিডিও মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক জাকারবার্গের ফেসবুক পেজে ৩৬০ ডিগ্রি ছবির ঘোষণা l ​স্ক্রিনশট
মার্ক জাকারবার্গের ফেসবুক পেজে ৩৬০ ডিগ্রি ছবির ঘোষণা l ​স্ক্রিনশট

প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা যোগ করে বন্ধুদের সঙ্গে যুক্ত থাকা আরও সহজ এবং উন্নত করে চলেছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক। এরই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো ৩৬০ ডিগ্রি ছবি এবং ভিডিও মন্তব্য করার সুযোগ। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথম ৩৬০ ডিগ্রি ভিডিও যোগ করার সুবিধা চালু করা হলেও ৩৬০ ডিগ্রি ছবি যোগ করার সুবিধা চালু হয় গত বৃহস্পতিবার।
সামনে-পেছনে এবং ডানে-বাঁয়ে একসঙ্গে চারদিকের স্থিরচিত্র তুলে যে একটি ছবি তৈরি করা হয়, সেটিই ৩৬০ ডিগ্রি ছবি। রিকো থেটা এস, স্যামসাং গিয়ার ৩৬০ এবং এলজি ৩৬০—এমন ছবি তোলার জন্য বিশেষভাবে তৈরি, যেগুলোর ৩৬০ ডিগ্রি ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা যায়। এ ছাড়া সাধারণ স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে তোলা প্যানোরামা ছবিও ফেসবুকে প্রকাশ করা যাবে। নতুন এই সুবিধা চালুর মাধ্যমে মোটামুটি সব ব্যবহারকারীর হাতে ভার্চ্যুয়াল রিয়ালিটির সুবিধা তুলে দিল ফেসবুক। ৩৬০ ডিগ্রি ভিডিও চালুর ঘোষণা দেওয়ার সময় ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, ‘৩৬০ ডিগ্রি ক্যামেরা অ্যাপ ব্যবহার করে অথবা যেকোনো স্মার্টফোনে প্যানোরামা ছবি তুলে অন্য ছবির মতোই তা ফেসবুকে আপলোড করুন। বাকিটা আমরা দেখব।’
৩৬০ ডিগ্রি ভিডিওর সঙ্গে এই ছবির পার্থক্য হলো, ভিডিওচিত্র ধারণ করতে বিশেষ ক্যামেরা লাগে, কিন্তু ছবি সাধারণ ক্যামেরাযুক্ত মুঠোফোনেই তোলা যাবে। নিউজ ফিডে ৩৬০ ডিগ্রি ছবি চেনা যাবে ছবিতে একটি কম্পাস চিহ্ন দেখে। ছবির ওপর আঙুল চেপে ধরে এবং ডানে-বাঁয়ে সরিয়েও ছবিটি পুরোপুরি দেখা যাবে। ভার্চ্যুয়াল রিয়ালিটি যন্ত্র ব্যবহার করেও ছবিগুলো দেখা যাবে। কিছুদিনের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীরা নতুন এই সুবিধা নিতে পারবেন বলে জানা গেছে।
আবার, মনের ভাব প্রকাশ করতে শব্দের চেয়ে ছবি এবং ছবির চেয়েও ভিডিও বেশি কার্যকর। তাই ফেসবুকে ভিডিওকে বেশি জনপ্রিয় করে তুলতে মন্তব্য হিসেবেও ভিডিও যুক্ত করার সুবিধা চালু হচ্ছে। গত শুক্রবার নতুন এই সুবিধার কথা সবাইকে জানানো হয়। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ফেসবুক হ্যাকাথনে ভিডিও মন্তব্য সুবিধাটি নিয়ে কাজ করা হয়।
 সূত্র: সিএনএন, ডিজিটাল ট্রেন্ডস