৪ ইঞ্চির আইফোন এবং আরও

জানাজানি হয়েছিল আগেই। নতুন একটি আইফোন আসছে ছোট পর্দা নিয়ে। হলোও তাই। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজেদের সদর দপ্তরে নতুন কিছু পণ্য ও অপারেটিং সিস্টেমের ঘোষণা দিল অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক যেসব পণ্য বাজারে আনার ঘোষণা দিলেন, সেগুলোতে বরাবরের মতোই রয়েছে প্রযুক্তি চমক। একনজরে দেখে নেওয়া যাক সেসব।

আইফোন এসই ছোট তবে উন্নত
চার ইঞ্চি পর্দার নতুন আইফোন এসই বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামীকাল বৃহস্পতিবার নতুন এই আইফোন বাজারে আসবে। এর ন্যূনতম দাম ৩৯৯ ডলার (১৬ গিগাবাইট)। ১২ মেগাপিক্সেল ক্যামেরায় তোলা যাবে ফোরকে মানের ভিডিও। থাকছে নতুন এ৯ প্রসেসর, অ্যাপল প্লের জন্য একটি টাচ আইডি সেন্সর।
ছোট পর্দার আইপ্যাড প্রো
আইপ্যাড প্রোর পর্দাও ছোট হলো। ৯ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইপ্যাড প্রো ছাড়ছে অ্যাপল। এর দাম হবে ৫৯৯ ডলার। থাকছে অ্যাপল পেনসিল, উন্নত ক্যামেরা। থাকছে চারটি স্পিকার। থাকছে একটি মানানসই কি-বোর্ড কেসও। টানা ১০ ঘণ্টা ব্যবহার করা যাবে এই আইপ্যাড প্রো।
আইওএস ৯.৩
আইওএস ৯.৩ অপারেটিং সিস্টেমের ঘোষণাও এসেছে, যা এখনই হালনাগাদ করে নিতে পারছেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা। থ্রিডি টাচ, টাচ আইডি এবং কার প্লে সুবিধা বাড়ানো হয়েছে। বিশেষ বৈশিষ্ট্য হলো এর নাইট শিফট মোড।

আরও সস্তা স্মার্টঘড়ি
বিচিত্র সব ব্র্যান্ডের সম্ভারে, ৩৮ মিলিমিটার অ্যাপল ওয়াচ স্পোর্টের দাম নেমেছে ২৯৯ ডলারে।
নিরাপত্তায় গুরুত্ব
টিম কুক নিরাপত্তার বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার বিষয়টি অ্যাপল গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য রক্ষা করা কোম্পানির দায়িত্ব বলেও জানান তিনি।
সূত্র: ওয়্যারড ডটকম, অ্যাপল, টেকক্রাঞ্চ, টেলিগ্রাফ