৪ এপ্রিল থেকে সিলেটে ই-কমার্স মেলা
সিলেটে প্রথমবারের মতো ই-কমার্স মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনের এ মেলা সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে।সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গত শুক্রবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব নজরুল ইসলাম খান ই-বাণিজ্য মেলা আয়োজনের ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকার বাইরে সিলেটেই প্রথমবারের মতো ই-কমার্স মেলা হবে। বাংলাদেশে ই-সেবাকে জনপ্রিয় করতে এবং ভোক্তারা যাতে ঘরে বসেই কেনাকাটা করতে পারেন, সে জন্য এই মেলার আয়োজন।সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা ও ই-ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বক্তব্য দেন। সভায় জানানো হয়, দেশে প্রায় ২০০টি প্রতিষ্ঠান ই-কমার্সের সঙ্গে জড়িত এবং প্রায় ৮০০টি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। ই-বাণিজ্যিক সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সিলেটের মেলায় ৪০টি স্টলে ৩৪টি প্রতিষ্ঠান অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়সহ নানা সেবার খাত প্রদর্শন করবে। সিলেট প্রবাসী-অধ্যুষিত হওয়ায় প্রবাসী উদ্যোক্তারা চাইলে মেলায় স্টল নিয়ে তাঁদের ই-সেবার দিক তুলে ধরার সুযোগ থাকবে বলে জানানো হয়। আইসিটি মন্ত্রণালয়ের সহায়তায় এ মেলার আয়োজন করছে মাসিক কম্পিউটার জগৎ। —নিজস্ব প্রতিবেদক, সিলেট