৪ এপ্রিল থেকে সিলেটে ই-বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঘরে বসে কেনাকাটার উৎসব’ এই স্লোগানে আগামী ৪ এপ্রিল থেকে সিলেট জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে শুরু হতে যাচ্ছে ই-বাণিজ্য মেলা। মেলার প্রাক্কালে গতকাল শনিবার ঢাকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মেলার আয়োজক সিলেট জেলা প্রশাসন এবং মাসিক কমপিউটার জগৎ। ভিডিও সম্মেলনের মাধ্যমে এতে অংশ নেন সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা ডিজিটাল ওয়ার্ল্ড, ই-এশিয়া, ই-কমার্স আয়োজনের পর সমীক্ষা করে দেখেছি, কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এর মধ্যে অন্যতম হলো সাধারণ মানুষের সঙ্গে ই-বাণিজ্যের যোগাযোগ ঘাটতি। এটি না হলে ই-কমার্সভিত্তিক সমাজ গড়া সম্ভব নয়। তাই জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা সিলেটে ই-বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছি।’সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেন, সফটওয়্যার শপ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুল ইসলাম। কম্পিউটার জগৎ-এর সহকারী সম্পাদক এম এ হক, মেলার সমন্বয়কারী এহতেশাম উদ্দিনসহ অনেকে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার ২৫টি এবং সিলেটের ১৫টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেবে। তিন দিন ধরে চলবে এ মেলা। —মোজাহিদুল ইসলাম