৪১ মেগাপিক্সেল ক্যামেরার উইন্ডোজ ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোন
লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোন

এবার ৪১ মেগাপিক্সেল ক্যামেরার উইন্ডোজচালিত স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে নকিয়া। সম্প্রতি নকিয়া আনুষ্ঠানিকভাবে লুমিয়া ১০২০ মডেলের নতুন এ স্মার্টফোনটির উন্মোচন করে।
উইন্ডোজ ৮ চালিত নতুন এ স্মার্টফোনটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেন নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলপ। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কসহ বর্তমান সময়ে সব নেটওয়ার্কই সমর্থন করবে নতুন এ স্মার্টফোনটি। ১৩০.৪ মিলিমিটার দৈর্ঘ্য, ৭১.৪ মিলিমিটার প্রস্থ, ১০.৪ মিলিমিটার পুরু স্মার্টফোনটির ওজন ১৫৮ গ্রাম। ক্লিয়ারব্যাক অ্যামোলেড ৪.৫ ইঞ্চি পর্দার এ ফোনে রয়েছে গরিলা গ্লাস প্রযুক্তি।
রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এমএসএম৮৯৬০ ক্রেইটভিত্তিক ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৩২ অথবা ৬৪ গিগাবাইট স্টোরেজ, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ইত্যাদি সুবিধা। নকিয়ার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা মূল আকর্ষণটি হচ্ছে ক্যামেরা। এ ক্যামেরার সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ১/১.৫ ইঞ্চির সেন্সর। এর ফোকাল লেন্থ ২৪ মিলিমিটার। অপটিক্যাল জুমিং সুবিধা থাকায় এতে ছবির ক্ষেত্রে তিন গুণ এবং ভিডিও করার ক্ষেত্রে ছয় গুণ ডিজিটাল জুম করা যাবে। নানা সুবিধার এ স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে ৩০০ ডলারে। ২৬ জুলাই থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে এবং সেপ্টেম্বরের মধ্যে ইউরোপ এবং চীনের বাজারে পাওয়া যাবে লুমিয়া ১০২০।—বিবিসি অবলম্বনে কাজী আলম