৪৫ হাজার বছর আগের মানুষের জিনোম পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষক সভান্তে পাবো ও তাঁর দলের সংগৃহীত প্রাচীন হাড়ের নমুনা
গবেষক সভান্তে পাবো ও তাঁর দলের সংগৃহীত প্রাচীন হাড়ের নমুনা

৪৫ হাজার বছর আগের এক মানুষের জিনোম পুনর্গঠন করেছেন একদল গবেষক। এখন পর্যন্ত আধুনিক মানুষের থেকে সংগৃহীত সবচেয়ে পুরোনো এই জিনতাত্ত্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আফ্রিকা থেকে ইউরোপ ও এশিয়ায় মানবজাতির ছড়িয়ে পড়ার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন।
প্রাচীন মানুষে হাড়ের ফসিল থেকে উদ্ধার হওয়া ওই জিনোম নিয়ে গবেষণাটি করেন জার্মানির একদল গবেষক। এতে নেতৃত্ব দেন লিপজিগের ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যানথ্রোপলজির গবেষক সভান্তে পাবো। সহগবেষক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলের শিক্ষক ডেভিড রেইচ। গত বুধবার এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী নেচার।
জিনোম বলতে কোনো জীবের সব বংশগতিক তথ্যের সমষ্টিকে বোঝায়। এটি জীবের ডিএনএর মধ্যে সংকেতে থাকে। ভাইরাসের ক্ষেত্রে তা আরএনএর মধ্যে থাকে। কোনো জীবের এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সব বৈশিষ্ট্যের স্থানান্তরকে বলা হয় বংশগতির তথ্য, যা পাওয়া যায় জিনোমে।
তিন দশক ধরে গবেষক পাবো এবং তাঁর সহযোগীরা ফসিল থেকে ডিএনএর (বংশগতির ধারক) টুকরা টুকরা অংশ আলাদা করা এবং এটি পড়ার জন্য প্রয়োজনীয় পদ্ধতি ও যন্ত্র উদ্ভাবন করেন।
গত ডিসেম্বরে পাবো ও তাঁর সহকারী গবেষকেরা নিয়ানডারথালের পুরো জিনোম প্রকাশ করেন। এর সঙ্গে মানুষের জিনোমের তুলনা করে তাঁরা দেখতে পান, দুটিরই পূর্বপুরুষ একই। আর ওই পূর্বপুরুষের বসবাস ছিল ছয় লাখ বছর আগে। সম্প্রতি গবেষক পাবো ও তাঁর সহকারীরা তাঁদের নতুন পদ্ধতি ব্যতিক্রমী মানব হাড়ের ওপর প্রয়োগ করে দেখার সুযোগ পান।
২০০৮ সালে সাইবেরিয়ায় উস্ট-ইশিম এলাকার ইরতিশ নদীর অংশে প্রাচীন অতিকায় হস্তির দাঁত খুঁজতে গিয়ে মানুষের ঊরুর হাড়ের (ফিমার) অংশবিশেষ খুঁজে পান ফসিল সংগ্রাহক নিকোলাই ভি পেরিস্টোভ। এই ফসিল রাশিয়ান একাডেমি অব সায়েন্সের কাছে হস্তান্তর করেন তিনি। রাশিয়ার গবেষকেরা সেটিকে নিয়ানডারথাল নয়, বরং আধুনিক মানুষের হাড় হিসেবে চিহ্নিত করেন। এর বয়স জানতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁরা এর নমুনা পাঠান। পরীক্ষায় দেখা গেছে, এটি ৪৫ হাজার বছর আগের। জানা যায়, আফ্রিকার বাইরে ও এশিয়ার কাছে পাওয়া আধুনিক মানুষের প্রাচীনতম ফসিলের নমুনা এটি।
২০১২ সালে গবেষক পাবো ও তাঁর সহকর্মীরা ডিএনএর খোঁজে হাড় থেকে নমুনা সংগ্রহ করেন। তাঁরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেন এর মধ্যে একাধিক জিনগত টুকরা রয়েছে। গবেষকেরা ডিএনএর টুকরা টুকরা অংশ থেকে মানুষের পূর্ণ জিনবিন্যাস খুঁজে বের করেন। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে থাইয়ের হাড়টি একজন মানুষের। পরবর্তীকালে তাঁরা প্রাপ্ত জিনোমের সঙ্গে উস্ট-ইশিম এলাকার মানুষের জিনোমের তুলনা করেন। দেখা যায়, প্রাপ্ত ডিএনএর সঙ্গে আফ্রিকার বাইরের মানুষের চেয়ে আফ্রিকার মানুষেরই মিল বেশি।
ফসিল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আধুনিক মানুষের সঙ্গে অনেকটা মিল থাকা নিয়ানডারথাল ৪০ হাজার বছর পূর্বে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাওয়ার আগে ইউরোপ ও এশিয়ায় ছড়িয়ে পড়ে। তাই বর্তমানে আফ্রিকার নয়, এমন মানুষের জিনোমে নিয়ানডারথালের ডিএনএর ছোট টুকরা ছড়িয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিনের গবেষক জন হক (এ গবেষণার সঙ্গে তিনি জড়িত নন) বলেন, একটা সময় মানুষ কেমন ছিল, এই জিনোম হলো তার বড় প্রমাণ, যা বর্তমানের মানুষ থেকে পাওয়া অসম্ভব। এটি মানুষকে হারিয়ে যাওয়া অতীতের তথ্য জানতে সাহায্য করবে। নিউইয়র্ক টাইমস।