৫ ও ৬ ডিসেম্বর ঢাকায় এসিএম আইসিপিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটার প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫-এর ঢাকা পর্ব ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এবারে আয়োজনটি করছে। ৬ ডিসেম্বর মূল প্রতিযোগিতা হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ বলেন, ‘দেশকে এগিয়ে নেওয়ার জন্য বেশি বেশি প্রোগ্রামার তৈরি করতে হবে। দেশে যত বেশি প্রোগ্রামার তৈরি হবে, দেশ প্রযুক্তির ক্ষেত্রে তত বেশি এগিয়ে যাবে। বেসরকারি খাতের পাশাপাশি সরকারকেও এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের নতুন প্রোগ্রামারদের জন্য এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ ও ভালো একটি আয়োজন।’
নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল এল হক বলেন, ‘এই আয়োজন বাংলাদেশের জন্য খুবই সম্মানজনক। বাংলাদেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় বরাবরই ভালো করছে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য মো. আবু সালেহ, রেজিস্ট্রার এনায়েত হোসেন মিঞা, বিইউবিটির ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন মমিনুল হক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান রাইসুল আলম, বাংলাদেশে ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্রতিযোগিতায় দেশি ও বিদেশি ৭২টি বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৯৬২টি দল আবেদন করে। এই আবেদন থেকে ৮০২টি দলকে বাছাইপর্বে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এরপর অনলাইন বাছাইপর্বে ৭৭৫টি দল অংশ নেয়। ঢাকা পর্বে ১৩৫টি দল অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। বিস্তারিত: www.bubt-cse.edu.bd ঠিকানায়।