৫ জানুয়ারি থেকে ই-কমার্স সপ্তাহ
আগামী দিনের নতুন ব্যবসাক্ষেত্র হবে ই-কমার্স। এ খাতে সম্পৃক্ত হয়ে এগিয়ে যাওয়ার সুযোগ নিতে পারে বাংলাদেশও। ব্যবসার এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে দেশের নানা পণ্য বিদেশে রপ্তানি ও ছড়িয়ে দেওয়ার কাজ সহজ হবে। আর প্রযুক্তির এ ধারার যুক্ত হয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। তাই এখন থেকেই প্রযুক্তিনির্ভর এ ধরনের আর্থিক ব্যবস্থায় দেশকে অগ্রগামী করতে হবে। গতকাল বুধবার রাজধানীতে ই-কমার্স সপ্তাহ শুরুর প্রাক্কালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, মহাব্যবস্থাপক হুমায়ুন কবির, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, ব্র্যাক ব্যাংকের হেড অব কার্ডস তৌফিক হাসান, ডাচ্-বাংলা ব্যাংকের বিভাগীয় প্রধান কামরুজ্জামান ও এসএলএস কমার্সের প্রধান নির্বাহী সাইফুল ইসলামসহ আরও অনেকে। সম্মেলনে জানানো হয়, ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ঢাকায় সাত দিনের ই-কমার্স সপ্তাহ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বেসিস। ইন্টারনেটভিত্তিক অর্থনৈতিক লেনদেনকে জনপ্রিয় করতে ‘অনলাইনে কেনাকাটা করুন: যেকোনো কিছু, যেকোনো সময়’ স্লোগানে রাজধানীর কয়েকটি স্থানে এ সপ্তাহের আনুষ্ঠানিকতা পালন করা হবে। এসব আয়োজনের মধ্যে থাকবে ই-কমার্সবিষয়ক গোলটেবিল বৈঠক, কারিগরি সেমিনার, ই-কমার্স পণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬ জানুয়ারি ডেইলি স্টার -এর সঙ্গে যেথৈ আয়োজনে ‘বাংলাদেশে ই-কমার্স: আমরা তৈরি তো?’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি আছে ‘ই-কমার্স: নতুন ক্যারিয়ার ও উদ্যোক্তাদের সম্ভাবনা’বিষয়ক সেমিনার। এ ধরনের আয়াজনের পাশাপাশি ই-কমার্সকে প্রচলিত করতে রাজধানীর কয়েকটি বিশ্ববিদ্যালয় ও শপিং সেন্টারে প্রচারণা চালানো হবে। নাজনীন সুলতানা বলেন, ‘ব্যাংকিং খাতের অনেকেই ইন্টারনেট ব্যাংকিংসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে জনগণকে সেবা দিচ্ছে। দেশের উন্নয়নের জন্যই ই-কমার্সকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে। তবে শুধু একটি প্রক্রিয়া শুরু করার চেয়ে জনগণকে ব্যবহারে উদ্বুদ্ধ করার দিকে নজর দিতে হবে বেশি। তাহলেই মূল উদ্দেশ্য সফল হবে।’ সম্মেলনে ই-কমার্স সপ্তাহের আহ্বায়ক শামীম আহসান এ আয়োজনের বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তিভিত্তিক অর্থনীতি শুধু অনলাইনে কেনাকাটার মধ্যেই সীমাবদ্ধ নয়, এ প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ ও বর্তমান সময়ের অন্যান্য সমস্যা কাটিয়ে নতুন অর্থনীতির সূচনা হবে।’ ই-কমার্স সপ্তাহের পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও এসএলএস কমার্স। সহযোগী হিসেবে আছে আইসিটি বিজনেস কাউন্সিল, বিকাশ, পেজা, অসকম, সূর্যমুখী, এখনই ডট কম, রকমারি ডট কম ও আজকেরডিল ডট কম। —জিয়াউর রহমান চৌধুরী