৫ জানুয়ারি থেকে ল্যাপটপ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা। মেকার কমিউনিকেশনের আয়োজনে এবার ‘কিউবি ল্যাপটপ মেলা’ শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে ঢাকার শেরাটন হোটেলে।বছরের শুরুতে এ মেলায় থাকছে নতুন সব ল্যাপটপ কম্পিউটারের প্রদর্শনী। এতে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন মডেলের ল্যাপটপ বাজারে উন্মোচিত করবে। পাশাপাশি বিশেষ মূল্যে পাওয়া যাবে নোটবুক এবং নেটবুক। মেলায় দেশের প্রচলিত প্রায় সব ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকেরা। মেলার মিডিয়া সমন্বয়ক আল আমিন দেওয়ান জানান, আগের চেয়ে বড় পরিসরে এবারের মেলায় ১৮টি প্যাভেলিয়ন এবং ২১টি স্টলে ল্যাপটপ প্রদর্শিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আসুস, গেটওয়ে, এইচপি, স্যামসাং এবং তোশিবা। —নিজস্ব প্রতিবেদক