৫ দিনব্যাপী অ্যাপ্লিকেশন উন্নয়ন প্রশিক্ষণ শুরু ড্যাফোডিলে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঁচ দিনের মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে ২০ জানুয়ারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে এই অ্যান্ড্রয়েড অ্যাপ প্রশিক্ষণ শুরু হয়েছে।
ঢাকা জেলার জন্য পঞ্চম এই প্রশিক্ষণের শুরুর দিনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও উপস্থিত ছিলেন এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুত্ফর রহমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান তৌহিদ ভুঁইয়া প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির।
ঢাকা জেলায় অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৪ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। পাঁচ দিনে ছাত্র ছাত্রীদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি। পাঁচ দিনের এই প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লি.।
প্রশিক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে দুই হাজার অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরির পাশাপাশি আরও নতুন প্রশিক্ষণার্থীর জন্য সুযোগ তৈরি করা হবে। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে ইয়ুথ সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পুরো প্রকল্পে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এমসিসি লি. ও ইএটিএলের সাথে কাজ করছে বেসিস, মাইক্রোসফট, গ্রামীণফোন, রবি, নকিয়া, সিম্ফনি, এসওএল কোয়েস্ট ও গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা।