৫ দিনের ডিজিটাল আইসিটি মেলা শুরু

রাজধানীর কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান সেন্টার) আজ থেকে শুরু হচ্ছে ৫ দিনের ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯। ‘গো ডিজিটালি মেক ইওর লাইফ হ্যাসল ফ্রি’ স্লোগানে আয়োজিত এ কম্পিউটার মেলার উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশের মানুষের হাতে কম্পিউটার পণ্য পৌঁছে দিতে এবং দক্ষতা তৈরি করতে কাজ করছেন তাঁরা। বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বকে দেখিয়ে ডিজিটাল বাংলাদেশ দেখিয়ে দিতে চাই। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত প্রযুক্তির নানা রূপান্তর হয়েছে। গ্রামের মানুষ এখন স্মার্টফোনের মাধ্যমে অ্যাপ ব্যবহার করতে শিখেছে। বাংলাদেশে ২০২১ সালের মধ্যে সব ইউনিয়নে ফাইবার অপটিকস পৌঁছানো হবে।’
মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেটের ইতিবাচক দিক যেমন আছে, তেমনি ক্ষতিকারক দিকও আছে। আমরা বসে নেই। গত বছর ডিসেম্বর থেকে চলতি বছর এ সময় পর্যন্ত ২২ হাজার পর্নো সাইট বন্ধ করেছি। একই সঙ্গে ভুয়া সাইটগুলোও বন্ধ করেছি।’
মেলার আহ্বায়ক তৌফিক এহ্সান বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যাপক ব্যবহার এবং এর সুফল ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়ে থাকে। মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তি প্রদর্শন করবে। মেলায় ছাড় আর উপহার পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলার সমাপনী ১৪ অক্টোবর। মাল্টিপ্ল্যান সেন্টারের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে ৭৪৬টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বিসিএসের সাবেক সভাপতি সুব্রত সরকার প্রমুখ।