৫০০ কোটি ফোন অনুসরণ করা হয় প্রতিদিন

প্রতিদিন বিশ্বের প্রায় ৫০০ কোটি মোবাইল ফোন অনুসরণ করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ)। বিশেষ করে যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক দেশের বাইরে অবস্থান করছেন, ভ্রমণ করছেন, তাঁদের মোবাইল ফোনেই আড়ি পাতার এ কাজটি করা হচ্ছে।
ওয়াশিংটন পোস্ট সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা—সিআইএর সাবেক এজেন্ট এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির সূত্র ধরে এ নিয়ে সংবাদ প্রকাশ করে। এতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করছেন যুক্তরাষ্ট্রের এমন এক কোটি নাগরিকের মোবাইল ফোনের কল রেকর্ড থেকে শুরু করে অন্যান্য তথ্য নিয়মিত সংরক্ষণ করছে এনএসএ। বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ কাজটি করা হচ্ছে বলে জানা গেছে। ‘সিও-ট্রাভেলার্স’ নামের শক্তিশালী বিশ্লেষণধর্মী একটি কম্পিউটার প্রোগ্রাম শুধু ফোনের কথোপকথনই নয়, ব্যবহারকারীর অবস্থানও শনাক্ত করতে পারছে। নিয়মিতভাবে এসব তথ্য সংরক্ষিত হওয়ার পর তথ্য যাচাই-বাছাই শেষে অপরাধী শনাক্ত করে এনএসএ।
এ কাজটির মাধ্যমে নিরপরাধ যুক্তরাষ্ট্রের নাগরিকদের একধরনের হয়রানির মধ্যে রাখা হচ্ছে বলে মন্তব্য করেছে দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। এতে আরও বলা হয়, নির্দিষ্ট অপরাধী ধরতে এটা কোনো সঠিক উপায় হতে পারে না। তবে নিজের দেশের বাইরে এ কাজটিকে নীতিবহির্ভূত বলে জানিয়েছেন ব্রেনেন সেন্টার ও জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী প্রধান এলিজাবেথ গোতেন। তিনি বলেন, এটি এখন আর জাতীয় নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নেই। ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কর্মকর্তা রবার্ট লিট এ বিষয়ে জানান, অনুমতি না নিয়ে ফোন অনুসরণ করে বা আড়ি পেতে তথ্য সংরক্ষণ করার এমন কার্যক্রমকে সমর্থন দেওয়া যায় না। তবে এসব তথ্য বেআইনি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহূত হচ্ছে না বলে জানিয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা চলছে।
—বিবিসি ও সিনেট অবলম্বনে কাজী আলম