৬ ঘণ্টায় পৃথিবী ঘোরার ‘ভ্যাকুয়াম টিউব’
সম্প্রতি কোরিয়ার গবেষকেরা মাত্র ছয় ঘণ্টায় পৃথিবী ভ্রমণ করা যায়, এমন একটি যানের নকশা করেছেন। সাই-ফাই চলচ্চিত্রে দেখানো বায়ুশূন্য ভ্যাকুয়াম টিউব বা মহাকাশযানে রাখা ক্যাপসুলের মতোই হবে জনসাধারণের পরিবহন যানটি। গবেষকেরা এ যানটির নাম দিয়েছেন ইভাকুয়েটেড টিউব ট্রান্সপোর্ট (ইটিটি)। গবেষকেদের বরাতে এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, বায়ুশূন্য ইটিটি যানটি হবে নিরাপদ, সাশ্রয়ী এবং এতে বিমান বা ট্রেনের চেয়েও কম শব্দ তৈরি হবে। বায়ুশূন্য ভ্যাকুয়াম টিউবের এ যানটি হবে ছয় সিটের, যা প্রতি ঘণ্টায় চার হাজার মাইল বেগে ছুটতে সক্ষম হবে। তবে প্রচলিত যানবাহনের চেয়ে এতে শক্তি খরচ হবে অনেক কম। ইন্টারনেট ট্রাফিক যেভাবে চলাফেরা করে এ যানগুলো সে পদ্ধতিতে চলবে অর্থাত্ স্বয়ংক্রিয় নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে এ যানগুলো চালানো যাবে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি নির্মাতা প্রতিষ্ঠানটি।উল্লেখ্য, নব্বই দশকের শুরুতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডারিল অস্টার এ যানটির পরিকল্পনা করেন। ১৯৯৭ সালে তিনি ইটিটির জন্য পেটেন্ট লাভ করেন।