৬ জিবি র্যামের ফোন

চার জিবি র্যামযুক্ত স্মার্টফোন বাজারে এখন পরিচিত হয়ে উঠেছে। চীনের স্মার্টফোন নির্মাতা ভিভো তাদের এক্সপে ৫ মডেলের সেটটিতে ৬ জিবি র্যাম যুক্ত করার ঘোষণা দিয়েছে। ১ মার্চ এই ফোনটি বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক ভিডিও টিজারে স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর ও ছয় জিবি র্যামের ফোনটির বিষয়টি প্রকাশ করেছে ভিভো। মার্চের শুরুতে বাজারে এলে এটিই হবে বাজারে আসা প্রথম ছয় জিবি র্যামের ফোন।
ভিভো কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপ্লে ৫ ফোনটি হবে স্যামসাংয়ের গ্যালাক্সি এজ সিরিজের মতো দুই দিকে বাঁকানো ডিসপ্লেযুক্ত ফোন।
৬ জিবি র্যামের পাশাপাশি স্মার্টফোনটিতে নতুন ফিচার হিসেবে আসছে সৌরশক্তি ব্যবহার করে চার্জ দেওয়ার সুবিধা। ছয় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটির পেছনে ১৬ ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি হবে চার হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ারের। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ মার্সম্যালো।
শুধু ভিভোই নয়, ছয় জিবি র্যাম দিয়ে ফোন তৈরি করছে চীনের আরেক প্রতিষ্ঠান লিইকো। বাজারের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাংও বিপুল পরিমাণ ৬ জিবি মোবাইল র্যাম উৎপাদনের ঘোষণা দিয়েছে। স্যামসাং মোবাইল ফোনের যন্ত্রাংশ নির্মাতা হিসেবেও পরিচিত।