৬ মার্চ থেকে ঢাকায় সফটওয়্যার মেলা
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিসেবা-বিষয়ক মেলা ‘বেসিস সফটএক্সপো ২০১৩’ শুরু হচ্ছে আগামী ৬ মার্চ থেকে। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের এই মেলায় এবার ১২০টির বেশি দেশি-বিদেশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বার্ষিক আয়োজন এই মেলায় এবারই প্রথমবারের মতো যুক্ত হচ্ছে গুগল। পণ্য ও সেবা প্রদর্শনীর পাশাপাশি মেলায় থাকছে সেমিনার, তথ্যপ্রযুক্তির চাকরি মেলা, ই-কমার্স প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা কিছু। গতকাল শনিবার সকালে ঢাকায় বেসিসের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলার এসব তথ্য জানান সফটএক্সপো ২০১৩-এর আহ্বায়ক রাসেল টি আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসানসহ অনেকে। মেলা প্রসঙ্গে রাসেল টি আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে আমাদের অর্জন অনেক। বাংলাদেশের সফটওয়্যার শিল্পকে দুনিয়া এখন চেনে। আমাদের প্রযুক্তিবিদেরা প্রযুক্তির নানা ক্ষেত্রে এখন উৎকর্ষের স্বাক্ষর রাখছেন। এই শিল্পে অনেক ক্ষেত্রে ভারতের চেয়েও ভালো করছি আমরা। ফলে বেসিস সফটএক্সপো ২০১৩-এর মাধ্যমে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব বলে আশা করি।’ এবারের মেলার প্রধান বিষয়বস্তু ‘জীবনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ব্যবসার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’। তথ্যপ্রযুক্তির সঙ্গে সব মানুষের সম্পৃক্ততা এবং নাগরিক জীবনে এর ব্যবহার বাড়াতে এই বিষয়টি নির্বাচন করা হয়েছে বলে জানা গেছে। আয়োজকেরা জানান, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় এ বছর বেসিস আউটসোর্সিং পুরস্কারে ১০০টি পুরস্কার দেওয়া হবে। বেসিসের আয়জনে প্রতি বছর সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির এ মেলা অনুষ্ঠিত হয়। গত কয়েকটি আয়োজনে এতে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে সেরাদের পুরস্কৃত করা হচ্ছে। মেলার বিস্তারিত জানা যাবে www.softexpo.com.bd ঠিকানায়। —আলতাফ শাহনেওয়াজ