৬ হাজার ৮৭০ কোটি ডলারে অ্যাকটিভিশন ব্লিজার্ড কিনছে মাইক্রোসফট

অ্যাকটিভিশন ব্লিজার্ডের তৈরি গেমছবি : মাইক্রোসফট

কল অব ডিউটি, ক্যান্ডি ক্র্যাশের মতো জনপ্রিয় গেমের নির্মাতা অ্যাকটিভিশন ব্লিজার্ড কিনছে মাইক্রোসফট। এ জন্য প্রতিষ্ঠানটিকে গুনতে হবে ৬ হাজার ৮৭০ কোটি ডলার। নিজেদের ৪৬ বছরের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠান কিনতে যাচ্ছে মাইক্রাসফট।

চুক্তির আওতায় অ্যাকটিভিশন ব্লিজার্ডের ৯৫ শতাংশ শেয়ার আগামী বছরের মধ্যে কিনবে মাইক্রোসফট। শেয়ার কেনার পর প্রতিষ্ঠানটির মালিকানা মাইক্রোসফটের দখলে গেলেও, চাকরি থাকবে অ্যাকটিভিশন ব্লিজার্ডের বর্তমান প্রধান নির্বাহী ববি কোটিকের। তিনি মাইক্রোসফটের গেমিং বিভাগের প্রধান নির্বাহী ফিল স্পেন্সারের নেতৃত্ব অ্যাকটিভিশন ব্লিজার্ড পরিচালনা করবেন।

বর্তমানে বিশ্বজুড়ে প্রতিমাসে প্রায় ৪০ কােটি ব্যাক্তি নিয়মিত অ্যাকটিভিশন ব্লিজার্ডের গেম খেলেন। শিগগিরই তারা মাইক্রোসফটের গ্রাহকে পরিণত হবেন। শুধু তাই নয়, নতুন এ চুক্তির ফলে অ্যাকটিভিশন ব্লিজার্ডের তৈরি গেমগুলো মুঠোফোন, কম্পিউটারের পাশাপাশি এক্সবক্স কনসোলেও খেলা যাবে। আর তাই গেমারের সংখ্যা আরও বাড়বে।

বিশাল এ বিনিয়োগের ফলে শিগগিরই মাইক্রোসফট নিজেদের বিশ্বের শীর্ষ তৃতীয় গেম নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। পাশাপাশি ভবিষ্যতের ত্রিমাত্রিক ভার্চ্যুয়াল দুনিয়া হিসেবে পরিচিত ‘মেটাভার্স’ ইন্টারনেট নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, সব প্ল্যাটফর্মেই বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে গেমিং, যা ভবিষ্যতে মেটাভার্স প্ল্যাটফর্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাইক্রোসফটের গেমিং বিভাগের প্রধান নির্বাহী ফিল স্পেন্সার জানিয়েছেন, ‘একসঙ্গে আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণ করব, যেখানে গেমাররা ইচ্ছেমতো ভার্চ্যুয়ালি গেম খেলার সুযোগ পাবেন।’

সূত্র: নিউইয়র্ক টাইমস, মাইক্রোসফট