সৃজনশীল প্রশ্নোত্তর মুজিব
প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজ তোমাদের বাংলা ১ম পত্রের ‘মুজিব’ কবিতা থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# বঙ্গবন্ধু তাঁর প্রিয় বাংলাদেশকে পাকিস্তানি বর্বর বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর এই সংগ্রামের উদ্দেশ্য পূর্ব পাকিস্তানের জনগণের ওপর তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকদের জুলুম, নির্যাতন ও বৈষম্যের হাত থেকে রক্ষা করা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলার মানুষ আজ স্বাধীন। তিনি আজ নেই, কিন্তু যত দিন বাঙালি জাতি থাকবে, তত দিন বঙ্গবন্ধু তাদের হূদয়ে অম্লান থাকবেন।
ক. স্বাধীন বাঙালি চিরকাল কাকে স্মরণ করবে?
খ. কার হাসিতে বাঙালির ঘর ভরে উঠে? ব্যাখ্যা করো।
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন থেকে আমরা কী ধরনের শিক্ষা অর্জন করতে পারি? বিশ্লেষণ করো।
ঘ. যত দিন বাঙালি জাতি থাকবে, তত দিন বঙ্গবন্ধু তাদের হূদয়ে অম্লান থাকবেন—কবিতা ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ক. উত্তর: বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি চিরকাল স্মরণ করবে।
খ. উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে। কারণ, তাঁর স্বপ্ন ও প্রেরণায় বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সোনার বাংলাকে শত্রুমুক্ত করতে। সে সময় দেশকে মুক্ত করার জন্য জনগণ নিয়মতান্ত্রিক আন্দোলন চালালেও পাকিস্তানি সামরিক বাহিনী গুলি চালিয়ে হত্যা করে লাখ লাখ বাঙালি বীর মুক্তিযোদ্ধাকে। তার পরও বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশকে স্বাধীন করে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। তাই বলা হয়েছে, বঙ্গবন্ধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে।
গ. উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সবার প্রিয় রাজনৈতিক নেতা। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গঠনের পুরোধা এবং বাঙালি জাতির জনক। তাঁর ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক জীবনের কিছু বিশেষ দিক রয়েছে যেগুলো থেকে বর্তমান প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা লাভ করতে পারে।
বঙ্গবন্ধু ছিলেন নির্লোভ, উদার ও মহৎ হূদয়ের অধিকারী একজন মানুষ। তাঁর নিকট ধর্ম-বর্ণ-গোত্রের কোনো ভেদাভেদ ছিল না। তিনি ছিলেন সকল ধর্মের অনুসারীদের প্রিয় নেতা। তিনি প্রতিক্ষেত্রে যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতেন। তিনি ছিলেন একজন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এক কণ্ঠস্বর। তিনি তাঁর রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে বাংলাকে শত্রুমুক্ত করতে, বাংলার মানুষকে শোষণ, বঞ্চনা ও নিপীড়নের হাত থেকে মুক্ত করতে যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তা-ও চিরদিন অনুসরণীয় হয়ে থাকবে। জেল, জুলুম, ফাঁসির আদেশ প্রভৃতি দমন-পীড়ন সহ্য করেও শেখ মুজিবুর রহমান নিজ অবস্থান থেকে সামান্যতম পিছপা হননি বরং বীরত্বপূর্ণ সাহসী পদক্ষেপের দ্বারা বাঙালি জাতিকে মুক্ত করেছেন। তিনি প্রমাণ করেছেন শত প্রতিকূলতার মধ্যেও ধৈর্য ধারণ করে সফলতার শীর্ষে আরোহণ করা যায়। তিনি সারা জীবন দুর্বলের সহায় হিসেবে আবির্ভূত হয়েছেন। এই জন্যই তিনি শিশু-কিশোর-বৃদ্ধ, সকল শ্রেণীর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন।
পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধুর জীবন থেকে গৃহীত শিক্ষাগুলো গ্রহণ করে আমরা তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি।
ঘ. উত্তর: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জেল, জুলুম, অত্যাচার, ফাঁসির দণ্ডাদেশ নিয়ে যিনি ভয়হীন সৈনিকের মতো নেতৃত্ব দিয়েছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সবকিছু সহ্য করে দেশের মানুষের মুক্তির সংগ্রামকে চালিয়ে নিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়ে সবকিছুকে জয় করেছেন।
স্বাধীনতা সংগ্রামের প্রধান প্রেরণায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁকে শত অত্যাচার করেও স্বৈরাচারী পাকিস্তান সরকার দমাতে পারেনি। সবকিছুকে মোকাবিলা করে তিনি মুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন। যার ফলে এ দেশের মানুষ স্বাধীনতার সংগ্রামে জয়লাভ করেছে। তাঁর হুকুমে তৎকালীন সময়ে অফিস, আদালত, রাস্তাঘাটসহ সব কিছু বন্ধ হয়ে যায় এবং সরকার অচল হয়ে পড়ে। তাঁর আহ্বানে স্বাধীনতার সংগ্রাম এ দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছিল প্রলংয়করী আগুনের মতো।
মুজিব কবিতায় কবি রোকনুজ্জামান খান আমাদের জীবনের সর্বস্তরে প্রতিটি ক্ষেত্রেই যে মুজিবের উপস্থিতি বিদ্যমান, মুজিবের আদর্শ দ্বারা প্রভাবান্বিত তা সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন বাঙালির প্রাণের দাবি। তাই তো তিনি ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন এবং জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের জন্য প্রস্তুত করেন এবং দীর্ঘ নয় মাস রক্ষক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেন।
সুতরাং বলা যায়, উদ্দীপকে যথার্থই বলা হয়েছে যে ‘যত দিন বাঙালি জাতি থাকবে, তত দিন বঙ্গবন্ধু তাদের হূদয়ে অম্লান থাকবেন’।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মগবাজার, ঢাকা