৬০ বছরে বারকোড!
সাদা-কালো স্ট্রিপের বারকোড ৬০ বছরে পা দিল। স্ট্রিপে থাকা কোডে বিভিন্ন পণ্যের বিস্তারিত তথ্য থাকে, যার মাধ্যমে ওই পণ্যের সব ধরনের তথ্য পাওয়া যাবে। এটি মূলত অপটিক্যাল যন্ত্রে পাঠযোগ্য একটি ব্যবস্থা, যাতে তথ্য সংরক্ষণ করা যায়।যুক্তরাজ্যের জিএস১-এর এক হিসাবমতে, সারা বিশ্বে প্রায় ৫০ লাখ আলাদা বারকোড ব্যবহূত হচ্ছে। ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু হয় বারকোডের। তবে ১৯৭৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দোকানে এর ব্যবহার শুরু হয়। সুপার মার্কেটে একটি চুইংগাম পরীক্ষার মাধ্যমে শুরু হয় বারকোড পরীক্ষা। পণ্যের পাশাপাশি বর্তমানে বারকোড ব্যবহূত হচ্ছে দেহে ট্যাটু হিসেবেও! জিএস১-এর প্রধান নির্বাহী গেরি লাইন্স বলেন, বারকোড আসলেই একটি দারুণ আইকন, যা সংক্ষেপে থাকে, কিন্তু অনেক তথ্য সংগ্রহ করে রাখে। দীর্ঘদিন ব্যবহূত বারকোড এখনো নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহূত হচ্ছে। তথ্যপ্রযুক্তির নতুন সুবিধা যুক্ত হওয়ায় সহজে বারকোডের তথ্য স্ক্যান করে জানা যায় ওই পণ্য সম্পর্কে সব ধরনের তথ্য। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম